উত্তর ইরানের বাবোলে নোওশিরওয়ানি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ৮৬২ বিদেশি শিক্ষার্থী
https://parstoday.ir/bn/news/event-i163536-উত্তর_ইরানের_বাবোলে_নোওশিরওয়ানি_বিশ্ববিদ্যালয়ে_পড়াশোনা_করছেন_৮৬২_বিদেশি_শিক্ষার্থী
পার্সটুডে: উত্তর ইরানের মাজান্দারান প্রদেশের বাবোল শহরের ‘নৌশিরওয়ানি’ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক বলেছেন, বর্তমানে এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ৮৬২ জন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
(last modified 2026-09-30T08:45:30+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৪:৩২ Asia/Dhaka
  • উত্তর ইরানের বাবোলে নোওশিরওয়ানি বিশ্ববিদ্যালয়
    উত্তর ইরানের বাবোলে নোওশিরওয়ানি বিশ্ববিদ্যালয়

পার্সটুডে: উত্তর ইরানের মাজান্দারান প্রদেশের বাবোল শহরের ‘নৌশিরওয়ানি’ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক বলেছেন, বর্তমানে এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ৮৬২ জন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

পার্সটুডের প্রতিবেদনে বার্তা সংস্থা IRNA-এর বরাত দিয়ে বলা হয়েছে, ড. হোসেইন ইউসুফপুর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে বলেন, নৌশিরওয়ানি বাবোল বিশ্ববিদ্যালয় ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করা শুরু করেছে এবং বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৮৬২ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে।

তিনি বলেন, এসব আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে ৪৫৪ জন স্নাতকোত্তর, ৩৯৪ জন পিএইচডি এবং ১৪ জন স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন।

নৌশিরওয়ানি বাবোল বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জানান, এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে ২০৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বৈশ্বিক র‌্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবস্থান ও বিভিন্ন একাডেমিক মর্যাদা অর্জন করেছেন। এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির বৈজ্ঞানিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

এসব বিদেশি শিক্ষার্থীর অধিকাংশই ইরাক ও সিরিয়ার নাগরিক। তারা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, রসায়ন, মৌলিক বিজ্ঞান এবং শিল্প ও উপকরণবিষয়ক বিভিন্ন ক্ষেত্রে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করছেন। এসব শিক্ষার্থীর মধ্যে কয়েকজন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পিএইচডি পর্যায়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। #

পার্স টুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।