পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ
https://parstoday.ir/bn/news/india-i100094-পশ্চিমবঙ্গ_বিধানসভায়_বিএসএফের_সীমানা_বৃদ্ধির_সিদ্ধান্তের_বিরুদ্ধে_প্রস্তাব_পাশ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৬, ২০২১ ১৬:০২ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হয়েছে।

আজ (মঙ্গলবার) ওই বিষয়ে বিধানসভায় কমপক্ষে  দেড় ঘণ্টা ধরে আলোচনার পরে ভোটাভুটির দাবি জানান বিরোধী দলনেতা ও  বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোটাভুটি হলে শাসকদলের প্রস্তাবের পক্ষে ভোট দেন ১১২ জন বিধায়ক। অন্যদিকে, বিরোধী দলের পক্ষে ভোট পড়ে ৬৩। এরফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনা বিএসএফের সীমান্ত এলাকা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা ওই প্রস্তাব পাশ হয়ে যায়।  

বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, প্রয়োজনে এই বিএসএফের এখতিয়ার বৃদ্ধির সীমা ৮০ কিলোমিটার করা হোক। তিনি বলেন, সংবিধানের ১৬৯ ধারায় এই প্রস্তাব পাশ হলেও, তার কোনও মূল্য নেই।    

এ প্রসঙ্গে বিধানসভায় পরিষদীয় নেতা ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,  ‘১৫ কিলোমিটার থেকে সীমান্ত নজরদারির এলাকা বৃদ্ধি  করে ৫০ কিমি করার যে চেষ্টা তা বিএসএফ আইনের বিরোধী, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে। রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এই সীমা ১৫ কিমি থেকে ৫০ কিমি করা হয়েছে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের ব্যাপার।’  যেকোনও অপরাধের তদন্ত করার অধিকার একমাত্র রাজ্য পুলিশের বলেও মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

ভারতে পশ্চিমবঙ্গ, অসম ও পাঞ্জাবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া নির্দেশিকা অনুযায়ী, এ বার থেকে পশ্চিমবঙ্গ, অসম এবং পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ গ্রেফতার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে। কেন্দ্রীয় সরকারের ওই নির্দেশনার বিরুদ্ধে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের উদ্যোগে প্রস্তাব পাশ হল।        

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।