বিধানসভা নির্বাচন:
উত্তর প্রদেশে পাকিস্তান ইস্যুতে সপা-বিজেপি বাকযুদ্ধ
-
অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পাকিস্তান ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ শুরু হয়েছে। সমাজবাদী পার্টির (সপা) প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, আমাদের আসল শত্রু হল চিন। কিন্তু বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য পাকিস্তানকে টার্গেট করে।
আজ (সোমবার) বিজেপি’র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র অখিলেশের ওই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেছেন, ‘অখিলেশ যাদবজী পাকিস্তানকে শত্রু মনে করেন না, বিজেপি ভোটের জন্য পাকিস্তানকে শত্রু মনে করে। এটা অত্যন্ত দুঃখজনক, চিন্তার বিষয় ও লজ্জার! সেজন্য অবিলম্বে অখিলেশজীকে ওই বিবৃতির জন্য দুঃখপ্রকাশসহ ক্ষমা প্রার্থনা করা উচিত।’ তিনি বলেন, ২০১৭ সালের পর উত্তর প্রদেশে উন্নয়নের রাজনীতি শুরু হয়েছে, কিন্তু যে জিন্নাহকে ভালোবাসে, সে কীভাবে পাকিস্তানকে অস্বীকার করবে?
ওই ইস্যুতে উত্তর প্রদেশ বিজেপির প্রধান স্বতন্ত্র দেব সিং সমাজবাদী পার্টির জাতীয় সভাপতিকে টার্গেট করে বলেছেন- অখিলেশ যাদব বলছেন পাকিস্তান আমাদের ১ নম্বর শত্রু নয়, তাহলে কী ১ নম্বর শত্রু সেই ব্যক্তি যিনি ভারতে থেকে জিন্নাহকে সর্দার প্যাটেলজীর সঙ্গে তুলনা করে এবং পাকিস্তান কী জয় বলে?
এরআগে ‘সপা’ প্রধান অখিলেশ যাদব গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা গালওয়ানের ঘটনা সম্পর্কেও জানতে পাচ্ছি। অখিলেশের দাবি, চিনা সেনারা ভারতীয় জমি দখল করছে। তিনি বলেন, তারা আমাদের সীমান্তে অনুপ্রবেশ করছে, আমাদের কাজে বাধা দিচ্ছে। ভারত সরকারের উচিত এই বিষয়ে চিন্তাভাবনা করা এবং এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে পরামর্শ করা উচিত। বিনিয়োগের ক্ষেত্রে আমরা চিনের সাথে ব্যবসা করতে বাধ্য হচ্ছি। এটি একটি কঠিন পরিস্থিতি, যেখানে আমাদের সবচেয়ে খারাপ শত্রুর সাথে ব্যবসা করতে হচ্ছে। আমাদের শিল্পকে শক্তিশালী করতে হবে।
এদিকে, বিজেপি নেতাদের দাবি ও মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির মুখপাত্র অনুরাগ ভাদৌরিয়া আজ বলেছেন- 'বিজেপি ঘৃণার রাজনীতি করে।' তিনি বলেন, রাজ্যে পাঁচ বছর সরকার চালানোর পরেও বিজেপির অসহায়ত্ব হল তারা উন্নয়নের বিবরণ দিতে পারছে না। কীভাবে সমাজে বিদ্বেষ ছড়ানো যায় এবং কীভাবে মানুষকে বিভক্ত করা যায় বিজেপি এখনও সেই পুরনো রীতি অনুসরণ করছে। তিনি বলেন- 'কিন্তু রাজ্যের মানুষ সচেতন এবং তারা উন্নয়নের নামে ভোট দেবেন। মানুষ জানে উত্তর প্রদেশে যদি কেউ উন্নয়ন করতে পারে তবে সে সমাজবাদী পার্টি বলেও মন্তব্য করেন দলটির মুখপাত্র অনুরাগ ভাদৌরিয়া।#
পার্সটুডে/এমএএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।