পশ্চিমবঙ্গে প্রকাশ্য দিবালোকে ৩ তৃণমূল নেতা-কর্মীকে হত্যা, বিজেপিকে টার্গেট তৃণমূলের
ভারতের পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় ৩ তৃণমূল কর্মী নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে উত্তাপের সৃষ্টি হয়েছে।
দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং পশ্চিমের গোপালপুর গ্রামের বাজারের কাছে ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন স্বপন মাঝি, ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। আজ বাড়ি থেকে বেরোনোর পর ওই এলাকায় নিহত হন তিন তৃণমূল নেতা-কর্মী। নিহত স্বপন মাঝি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। তিনি আজ দুই তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে ২১ জুলাই অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলের জন্য প্রস্তুতি সভায় যাচ্ছিলেন। অভিযোগ, তখনই চলন্ত বাইক থামিয়ে প্রথমে গুলি চালানো হয় স্বপন মাঝিকে লক্ষ্য করে। এরপর তাকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
পুলিস সূত্রে প্রকাশ, ওই তৃণমূল নেতার গলা কাটার চেষ্টা হয়। নৃশংস এমন হত্যার ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। অপর দুই তৃণমূল কর্মী পালাতে গেলে গুলি চালায় দুর্বৃত্তরা। ওই দুই তৃণমূল কর্মীর গলাতেও ধারালো অস্ত্রের কোপ দেয় দুর্বৃত্তরা। তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ ওই হত্যার ঘটনার তদন্ত শুরু করেছে।
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস ওই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন। বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হত্যার ঘটনা ঘটেছে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, গোটা রাজ্যেই ভেঙে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা। কারও কোনও নিরাপত্তা নেই।
এ প্রসঙ্গে বিধায়ক ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা বলেছেন, ‘বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আসলে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা (বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী) প্রত্যেকদিন যেভাবে উসকানি মূলক, প্ররোচনামূলক বক্তব্য রাখছেন, তাতে করে বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা একটার পর একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের হত্যা করছে। যেভাবে তিন জন মানুষকে দিনে-দুপুরে গুলি করে কুপিয়ে খুন করা হল, এর চাইতে ন্যক্কারজনক আর কিছু হতে পারে না। আমরা প্রশাসনকে জানাচ্ছি, মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যারা এই হত্যার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং অবিলম্বে বিরোধী দলনেতা, তার যে সাম্প্রদায়িক ও বিভিন্ন উসকানিমূলক বক্তব্য তার বিরুদ্ধেও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে’ বলেও মন্তব্য করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।#
পার্সটুডে/পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।