'চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর'
https://parstoday.ir/bn/news/india-i110414-'চীনের_ক্রমবর্ধমান_অনুপ্রবেশ_এবং_প্রধানমন্ত্রীর_নীরবতা_দেশের_জন্য_খুবই_ক্ষতিকর'
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর। তিনি আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে টার্গেট করে রাহুল গান্ধী আজ ‘প্রধানমন্ত্রীর কিছু সত্য কথা’ নামক বিবরণীতে ৫ দফা কটাক্ষ করে বলেন, উনি চীনকে ভয় পান, জনগণের কাছ থেকে সত্য লুকান, কেবলমাত্র নিজের ভাবমূর্তি রক্ষা করেন, সেনাবাহিনীর মনোবল কমান এবং দেশের নিরাপত্তা নিয়ে খেলা করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ১১, ২০২২ ১৮:৫৩ Asia/Dhaka
  • ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী
    ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চীনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের জন্য খুবই ক্ষতিকর। তিনি আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে টার্গেট করে রাহুল গান্ধী আজ ‘প্রধানমন্ত্রীর কিছু সত্য কথা’ নামক বিবরণীতে ৫ দফা কটাক্ষ করে বলেন, উনি চীনকে ভয় পান, জনগণের কাছ থেকে সত্য লুকান, কেবলমাত্র নিজের ভাবমূর্তি রক্ষা করেন, সেনাবাহিনীর মনোবল কমান এবং দেশের নিরাপত্তা নিয়ে খেলা করেন।

অন্যদিকে, কংগ্রেস নেতা গৌরব গগৈ আজ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন,  চীনের প্রতি প্রধানমন্ত্রী মোদীর মনোভাব বিস্ময়কর। উনি নিজের ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত। তিনি বলেন, পূর্ব লাদাখে সীমান্ত নিয়ে উদ্বেগের কোনও দৃঢ় সমাধান নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন,  ৫ জুলাই যে বিবৃতি এসেছে তাতে শুধু সেনাবাহিনীকে অপসারণের কথা বলা হয়েছে। সীমান্তে চীনের তৎপরতা বেড়েছে। কোথায় গেল প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চি বুক ও লাল চোখ?  চীনের নাম নিতে এত ভয় পাচ্ছেন কেন?  

কংগ্রেস নেতা ও লোকসভার উপনেতা গৌরব গগৈ বলেন, প্রধানমন্ত্রীর মনোভাব বিস্ময়কর। তিনি কেবল নিজের ভাবমূর্তি নিয়ে চিন্তা করেন। খোদ প্রতিরক্ষা মন্ত্রক স্বীকার করেছে যে চীনা সেনাবাহিনী অনেক জায়গায় অনুপ্রবেশ করেছে। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি থেকে তা সরিয়ে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন কথা বলছে। নিজের ভাবমূর্তি রক্ষার জন্য জাতীয় নিরাপত্তা বন্ধক রাখা হয়েছে।    

তিনি বলেন, মোদীজি ১৮ বার চীনা প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন। যে চীন সীমান্ত বিরোধকে গুরুত্বের সাথে নেয় না তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক কী? আমাদের দাবি, প্রধানমন্ত্রী মোদী চীনের হুমকি সম্পর্কে দেশবাসীকে বলুন এবং প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখুন বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ।#   

পার্সটুডে/পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।