পাঞ্জাব বিজেপিতে বিদ্রোহের সুর, ইস্তফার কথা অস্বীকার করলেন রাজ্য সভাপতি
-
পাঞ্জাব বিজেপির সভাপতি বিজয় সাম্পলা
ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী তালিকা নিয়ে বিজেপিতে মতবিরোধ প্রকাশ্যে এসেছে।
রাজ্য বিজেপির সভাপতি বিজয় সাম্পলা তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ'র কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এমন খবর আজ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি বিজয় সাম্পলা কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ থেকেও ইস্তফা দেয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে খবর। তিনি কেন্দ্রীয় মন্ত্রীপরিষদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু আজ (মঙ্গলবার) দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ'র সঙ্গে সাক্ষাৎ করার পরে তিনি ইস্তফার খবরকে গুজব বলে অভিহিত করেছেন। প্রার্থী নিয়ে তার অসন্তুষ্টির কথাও নাকচ করেছেন তিনি।
গণমাধ্যমে সূত্রে প্রকাশ, বিজয় সাম্পলা দলীয় প্রার্থী করা নিয়ে তার পরামর্শ ও মতামতকে উপেক্ষা করায় ক্ষুব্ধ হয়েছেন। সোমবার বিজেপি’র পক্ষ থেকে অমৃতসর (উত্তর), ফাগওয়াড়া, জলন্ধর (পশ্চিম), জলন্ধর (সেন্ট্রাল) আনন্দপুর সাহিব এবং ফজিল্কা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তাতে ফাগওয়াড়া এবং জলন্ধর (পশ্চিম) আসনে বিজয় সাম্পলার পছন্দসই প্রার্থী দেয়া হয়নি। বরং ফাগওয়াড়াতে তার বিরোধী বলে পরিচিতকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এর আগে দল থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে মাস্টার মোহনলাল এবং সতপাল গোঁসাই নামে বিজেপি’র দুই নেতা দল থেকে ইস্তফা দিয়েছেন।
পাঞ্জাবে ৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি এ পর্যন্ত ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত ১২ জানুয়ারি ১৭ জনের নামের তালিকা প্রকাশের পরে গতকাল সোমবার ৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যটিতে ১৮ জানিয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। এখানে অকালি-বিজেপি জোট এবার কংগ্রেস এবং আম আদমি পার্টির কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এর আগে প্রার্থী করা নিয়ে মতবিরোধের জেরে গোয়া রাজ্যেও বিজেপির মধ্যে বিদ্রোহের লক্ষণ দেখা গেছে। সেখানে বিধানসভার স্পিকার অনন্ত শেঠ এবং মন্ত্রী রমেশ তাবাড়কর টিকিট না পাওয়ায় নির্দলীয় প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৭