বাংলাদেশে ভারতীয় ট্রাকচালক গুমের গুজবে বিক্ষোভ: পেট্রাপোল বন্দর বন্ধ
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার জেলার পেট্রাপোল স্থলবন্দরে পরিবহণ শ্রমিক বিক্ষোভের জেরে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ব্যাহত হয়েছে। শনিবার দুপুরে ট্রাক পরিবহণ শ্রমিকদের তুমুল বিক্ষোভের ফলে প্রায় তিন ঘণ্টা ধরে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকে।
পেট্রাপোল বন্দরে কতিপয় ট্রাক চালক ও সহকারীর দাবি, ভারত থেকে বাংলাদেশের বেনাপোল বন্দরে যাওয়া ভারতীয় এক ট্রাক চালককে গুম করা হয়েছে, কয়েকদিন ধরে তিনি নিখোঁজ হয়েছেন। সংশ্লিষ্ট ওই ট্রাকের সহকারী ভয়ে পালিয়ে গেছে।
পেট্রাপোল সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ট্রাক শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভের জেরে প্রায় তিন ঘণ্টা বাণিজ্য বন্ধ ছিল। আমরা বেনাপোল বন্দরে গিয়ে দু’দেশের ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে সংশ্লিষ্ট ওই ট্রাক চালকের খোঁজ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে সেখানকার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। তিনি ওই ঘটনা ‘গুজব’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে, আজ দুপুরে পেট্রাপোল সীমান্তে ক্ষুব্ধ ট্রাক চালকদের একাংশ দাবি করেন, বাংলাদেশের বেনাপোল বন্দরে সেখানকার শ্রমিকরা অন্যায়ভাবে ভারতীয় ট্রাক চালকদের দোষারোপ করে তাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করে থাকে। ট্রাক থেকে মালামাল চুরি হয়েছে অথবা কম হয়েছে- এমন দাবি করে সেখানে তাদেরকে প্রায়ই নিগ্রহের শিকার হতে হয়। যদিও ট্রাক চালকদের এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দু’দেশের মধ্যে বাণিজ্য স্বাভাবিক হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩