হরিয়ানায় রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা: নারীদের মারধর, শ্লীলতাহানি
https://parstoday.ir/bn/news/india-i45204-হরিয়ানায়_রোহিঙ্গা_মুসলিমদের_ওপর_হামলা_নারীদের_মারধর_শ্লীলতাহানি
ভারতের বিজেপিশাসিত হরিয়ানায় ঈদের দিন রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালাল দুর্বৃত্তরা। মহিষ কুরবানিকে কেন্দ্র করে বিবাদের জেরে তাদেরকে বেদম প্রহার করা হয়। হামলাকারীদের হাত থেকে নারীরাও রেহাই পায়নি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ১০:৩২ Asia/Dhaka
  • হরিয়ানায় রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা: নারীদের মারধর, শ্লীলতাহানি

ভারতের বিজেপিশাসিত হরিয়ানায় ঈদের দিন রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালাল দুর্বৃত্তরা। মহিষ কুরবানিকে কেন্দ্র করে বিবাদের জেরে তাদেরকে বেদম প্রহার করা হয়। হামলাকারীদের হাত থেকে নারীরাও রেহাই পায়নি।

ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকার মুজেরি গ্রামে বসবাসরত রোহিঙ্গারা মহিষ কুরবানির চেষ্টা চালালে তাদের উপরে দুর্বৃত্তরা হামলা চালায়। এখানে ৪৫ টি মুসলিম পরিবার বাস করে।   

সাকির নামে এক রোহিঙ্গা বলেন, ‘এলাকার লোকজন আমাদের কুরবানির জন্য বেধে রাখা পশু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা তাদের বলি যে ওই পশু কুরবানির জন্য আমরা কিনে এনেছি। বিতর্ক যাতে না বাড়ে সেজন্য আমরা বলি শনিবার আমরা একে বাজারে বিক্রি করে দেবো। কিন্তু তা সত্ত্বেও শনিবার সকালে ১৫/২০ জনের একটি দল এসে আমাদের মারধর করে এবং নারীদের পোশাক পর্যন্ত ছিঁড়ে দেয়।’   

মুহাম্মদ জামিল নামে এক রোহিঙ্গা মুসলিম বলেন, তাদের পরিবারের নারীদেরও বেদম মারধর করা হয়েছে। দু’জন নারীর শ্লীলতাহানিও করা হয়েছে।

ওই ঘটনায় অন্য মুসলিমরা বলেন, হামলাকারীরা চার জনকে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে লাঠি ও রড দিয়ে বেদম প্রহার করে।  

মুহাম্মদুল্লাহ নামে আহত এক ব্যক্তি বলেন, তারা তার ফোন ছিনিয়ে নেয় এবং পুলিশে অভিযোগ না করার জন্য হুঁশিয়ারি দিয়েছে। অভিযোগ করলে এক রাতে সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। পরে সকাল ৭টা নাগাদ তাদের ছেড়ে দেয়া হয়।

ওই ঘটনায় আহতরা চলাফেরা করতে পারছেন না। আহত চার জনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের ছেড়ে দেয়া হয়।

বল্লভগড় সদর থানার পক্ষ থেকে অজ্ঞাত হামলাকারীদের  বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩/১৪৭/১৪৮/১৪৯ এবং ৩৭৯ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, ওই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। পুলিশ ঘটনাস্থলে মহিষ জবাইয়ের কথা অস্বীকার করেছে।

পার্সটুডে/এমএএইচ/৩