ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কোলকাতায় মিছিল, বিচার দাবি
ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপরে ইহুদিবাদী ইসরাইলের অত্যাচার ও গণহত্যার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিক্ষোভ মিছিল হয়েছে।
‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর আহ্বানে আজ (মঙ্গলবার) কোলকাতার রাজপথে ওই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের সামনে স্কুল ছাত্ররা হাতে ভারতের জাতীয় পতাকা এবং গলায় বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে রাখে। মিছিলকারীরা ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি আমেরিকা ও ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে স্লোগান দেন।
ব্যানারে লেখা ছিল ‘গাজা ও জেরুসালেম থেকে ইসরাইল, আমেরিকা হাত ওঠাও।’
রমজানের রোজা পালনরত অবস্থায় আজ তীব্র দাবদাহের মধ্যে বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে কেন জাতিসঙ্ঘ জবাব দাও’, ‘ঠুঁটো জগন্নাথ জাতিসঙ্ঘ জবাব দাও’, ‘বায়তুল মুকাদ্দস অবৈধভাবে দখল করা যায়নি, যাবে না’, ফেরাউনের মতো ইসরাইল-আমেরিকা ধ্বংস হোক, ধ্বংস হোক’ স্লোগান দেন।
এক সময় ‘আমেরিকা-ইসরাইলের সাহায্যকারী মোদি-যোগি হটাও, দেশ বাঁচাও’ বলে স্লোগান ওঠে। তারা ‘সারা বিশ্বে হত্যাকারীদের সাহায্যকারী মোদি তুমি হুঁশিয়ার! ধর্মস্থান ধ্বংসকারী হুঁশিয়ার। ‘নারী ও শিশু হত্যাকারীদের সাহায্যকারী মোদি-যোগি দূর হটো’ স্লোগান দেন। বিক্ষোভ মিছিল থেকে সমস্ত শান্তিকামী মানুষকে এক হওয়ার আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, ‘ইসরাইল দীর্ঘদিন ধরে জেরুজালেমকে দখল করতে চাচ্ছে এবং সেজন্য তাদের রাজধানী তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে করার চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টায় মদদ জুগিয়ে আমেরিকা জেরুজালেমে তাদের দূতাবাস খুলেছে। গোটা প্রক্রিয়ার বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলিমরা বায়তুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করতে তারা সড়কে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। ওই শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে ইসরাইলের পুলিশবাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে শতাধিক ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করেছে। আজ (মঙ্গলবার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন তার প্রতিবাদ জানিয়ে কোলকাতার টিপু সুলতান মসজিদ থেকে মিছিলসহকারে আমেরিকান সেন্টার ঘেরাও করে এবং বিক্ষোভ দেখায়। পরে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদলের পক্ষ থেকে তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।’

আজ বিক্ষোভ মিছিল শেষে কোলকাতায় আমেরিকান সেন্টার ঘেরাও করে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানসহ পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে জেরুজালেম থেকে আমেরিকান দূতাবাস অপসারণ, ইসরাইলি দখলদারিত্ব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করে ফিলিস্তিনি জনগণের হাতে তুলে দেয়া, ইসরাইলি সামরিক বাহিনীর নিরস্ত্র ফিলিস্তিনি জনসাধারণের গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানানো হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২