কালো টাকা ও পলাতকদের সম্পর্কে মোদি নীরব কেন: মায়াবতীর প্রশ্ন
-
বিএসপি নেত্রী মায়াবতী
কালো টাকা ও পলাতকদের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নীরব রয়েছেন সে প্রশ্ন তুলেছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপি নেত্রী মায়াবতী।
আজ (রোববার) গণমাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা ব্যাংকের সাহায্যে তাদের ব্যবসা বৃদ্ধি করছে, তারপর প্রতারণা করে বাইরে (বিদেশে) পালিয়ে যাচ্ছে। সমস্ত অর্থ বিদেশে জমা করা হচ্ছে। দেশবাসী অবাক হচ্ছেন যে, নরেন্দ্র মোদি সরকার এ ধরণের পলাতকদের থামাতে কেন এত অসহায় প্রমাণিত হচ্ছে!’
তিনি বলেন, ‘দেশের মানুষ জানতে চায়, বর্তমান সরকার, বিশেষকরে প্রধানমন্ত্রী কালোটাকার (অবৈধ বা বেআইনি অর্থ) বিষয়ে নীরব রয়েছেন কেন? বিদেশে কালোটাকা জমা রাখা লোকদের অধিকাংশ বিজেপি ঘনিষ্ঠ বলেই কী তিনি চুপ করে আছেন?’

তিনি বলেন, ‘বিজেপি ঘনিষ্ঠ ভারতীয় পুঁজিপতিদের সুইসব্যাংকে জমা অর্থের পরিমাণ পঞ্চাশ শতাংশ বেড়েছে। বিজেপি অ্যান্ড কোম্পানি ও প্রধানমন্ত্রী কী তার কৃতিত্ব নিতে পছন্দ করবেন?’
মায়াবতী বলেন, ‘দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া সমস্ত প্রতিশ্রুতির কথা স্মরণ করছেন। তিনি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এ নিয়ে আজও পর্যন্ত কিছুই হয়নি। মানুষ এখনো কালো টাকা দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় আছে। এই সরকার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা চাপা দিতে বিজেপি উন্নয়নের ইস্যু ছেড়ে দিয়ে বিদ্বেষ, সামাজিক বৈষম্য ও বিভাজন নিয়ে নিজেদের আসল এজেন্ডার দিকে ফিরে গেছে। বিজেপি এজন্যই জম্মু-কাশ্মিরে পিডিপির সঙ্গে জোট থেকে বেরিয়ে গেছে।’
‘বর্ণবাদী ও জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদলসমূহের ঐক্যবদ্ধ হওয়া জনকল্যাণে বড় কাজ হবে’ বলেও মায়াবতী মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১