তৃণমূল সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিলীপের : বাংলাকে গুজরাট করা যাবে না- ফিরহাদ
-
দিলীপ ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ২০২১ সালে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে উপড়ে ফেলা হবে। তিনি আজ (মঙ্গলবার) উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।
উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র-জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে প্রাক্তন দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আগামীকাল রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। দিলীপ বাবু আজ ওই বনধের সমর্থনে ভাষণ দিয়ে রাজ্য সরকারকে উৎখাত করার হুঁশিয়ারি দেন।
রাজ্য পুলিশকর্তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এখন পুলিশের যেসব কর্মকর্তা তৃণমূলের দলীয় কর্মীর মতো আচরণ করছেন তাদের নাম লিখে রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন, ‘বদলা নয়, বদল চাই’। আমি বদল-ফদল বুঝি না। তখন ‘বদলা’ হবে।"
এদিকে, আগামীকাল (বুধবার) বিজেপি’র ডাকা বাংলা বনধের সমর্থনে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। পুলিশ এসময় লাঠিচার্জ করে এবং ৫ বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা চালায়।
অন্যদিকে, বিজেপির ডাকা বাংলা বনধ ব্যর্থ করতে আজ রাজ্যের বিভিন্নস্থানে মিছিল রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
আজ রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "আমরা লক্ষ্য রাখব ওরা (বিজেপি) যদি কোনো জায়গায় অরাজকতা সৃষ্টি করে তাহলে প্রশাসনকে তা কঠোর হাতে মোকাবিলা করার জন্য বলব। আমরা কোনো জায়গায় নিজেরা মারপিট করতে যাব না এবং মারপিট করার ক্ষমতা ওদের নেই। তৃণমূল ইচ্ছে করলে পিঁপড়ের মতো টিপে মারতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গভীর গণতন্ত্রে বিশ্বাসী সেজন্য তৃণমূল ওই কাজ থেকে বিরত থাকবে"
ফিরহাদ হাকিম বলেন, "বাংলাকে গুজরাট করা যাবে না। বাংলার সংস্কৃতি রবীন্দ্র-নজরুলের। এখানকার শিক্ষা শ্রী শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের। সেজন্য আমরা মানুষকে সাম্প্রদায়িক ও বর্বর শক্তি সম্পর্কে সচেতন থাকতে বলব।"
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫