আরএসএস-বিজেপি দেশকে ধ্বংস করছে: প্রকাশ রাজ
-
অভিনেতা প্রকাশ রাজ
আরএসএস-বিজেপি দেশকে ধ্বংস করছে, শাসকের বিরুদ্ধে ভিত কাঁপানো আন্দোলন চাই বলে মন্তব্য করেছেন ভারতের বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ।
গতকাল (শুক্রবার) পশ্চিমবঙ্গের হুগলী জেলার ডানকুনিতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ১৮তম রাজ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি ওই মন্তব্য করেন।
প্রকাশ রাজ বলেন, ‘আমি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে, দেশের সমাজ সচেতন নাগরিক হিসাবে তরুণদের আহ্বান জানাই, আমাদের এমন এক আন্দোলন শুরু করতে হবে যা শাসকের ভিত্তি কাঁপিয়ে দেবে। আরএসএস-বিজেপি আমাদের দেশকে ধ্বংস করছে তার প্রতিবাদে সমাজ সচেতন নাগরিক হিসেবে আপনারা দেশের পুনর্গঠন আন্দোলনে শামিল হোন।’
তিনি বলেন, ‘গত সাড়ে চার বছর ধরে সঙ্ঘবাহিনী নীতি পুলিশি চালিয়ে মুক্তচিন্তার কণ্ঠরোধ করেছে, ঘৃণার ও বিভাজনের রাজনীতি চালিয়েছে, সাংবাদিকদের হত্যা করেছে এমনকি সত্যকে চাপা দিতে দেশের মিডিয়া হাউসগুলোর দখল নিয়েছে। আরএসএস–বিজেপি কর্পোরেট নিয়ন্ত্রিত মিডিয়া হাউসগুলোকে কিনে নিয়ে আমাদের ‘মগজে কারফিউ’ চালাতে চাচ্ছে।’
প্রকাশ রাজ বলেন, ‘বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতির এই দেশে কখনোই এক ভাষা এক ধর্মের শাসন চলতে পারে না। আরএসএস-বিজেপি গণতন্ত্র ও সংবিধানের মূলে আঘাত করছে।’
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র আমাদের অধিকার দিয়েছে নির্বাচিত সরকার যদি প্রতিশ্রুতি মতো কাজ না করে নির্বাচনের মধ্য দিয়ে সেই সরকারকে ছুঁড়ে ফেলার। কিন্তু কেন্দ্রীয় মোদি সরকার এমনই উদ্ধত, এমনই বেপরোয়া যারা অনায়াসে বলছে আমরা আরো পঞ্চাশ বছর দেশ শাসন করবো। একথা বলার অর্থ আমার আপনার নাগরিক অধিকারকে অসম্মান করা।’
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ (শনিবার) রেডিও তেহরানকে বলেন, ‘বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ আরএসএস-বিজেপি সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত যথার্থ ও যুক্তিযুক্ত। আমরা তার ওই মন্তব্যকে সমর্থন জানাচ্ছি। গোটা দেশবাসীকে সুরক্ষিত রাখতে হলে আরএসএসের প্ররোচনায় যেভাবে দেশজুড়ে তাণ্ডব চলছে, কখনো গোরক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে সাধারণ মানুষকে গণপিটুনিতে হত্যা করা হচ্ছে, দেশের গণতন্ত্র বিপন্ন, সেই গণতন্ত্রকে রক্ষা করতে আগামী ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বর্তমান সরকারকে উচিত জবাব দিতে দেশবাসী এগিয়ে আসছেন।’
বৃহত্তর গণআন্দোলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের পতন সুনিশ্চিত করা হবে বলেও ফারুক আহমেদ বলেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৯