ভারতের শান্তি ও প্রগতিকে বিনষ্ট করার চেষ্টা হলে উপযুক্ত জবাব: মোদি
-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের শান্তি ও প্রগতিকে বিনষ্ট করার চেষ্টা হলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। আজ (রোববার) রেডিওতে ‘মন কি বাত’ (মনের কথা) অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
২০১৬ সালের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রসঙ্গে প্রতিবেশী দেশ পাকিস্তানের নাম উল্লেখ না মোদি বলেন, ‘সন্ত্রাসবাদের আড়ালে যারা ‘ছায়াযুদ্ধ’ চালাচ্ছে, সেনাবাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে। এটা নিশ্চিত যে, যারাই এদেশের শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, সেনাবাহিনী তাদের যোগ্য জবাব দেবে।’
তিনি বলেন, ভারত দৃঢ়ভাবে শান্তিতে বিশ্বাস করে। কিন্তু তা দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব বাদ দিয়ে নয়।
এদিকে, গতকাল (শনিবার) প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ‘সার্জিকাল স্ট্রাইক’ চলতেই থাকবে। পাকিস্তানকে উচিত শিক্ষা দেয়া প্রয়োজন। পাকিস্তান শিক্ষা গ্রহণ করুক আর না করুক, আমাদের সেনাবাহিনী চুপ করে বসে থাকবে না। সার্জিকাল স্ট্রাইকের মতো আক্রমণ বন্ধ হবে না বরং এ ধরনের অপারেশন চলবে।’
অন্যদিকে, সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘অপেক্ষা করুন, আগামী কিছুদিনের মধ্যেই আরো অনেক ঘটনাই ঘটবে। তখন সব খবরই পাওয়া যাবে। আমাদের সেনারা হাত গুটিয়ে বসে নেই।’
ভারতীয় শীর্ষ নেতাদের মুখে পরপর এ ধরণের মন্তব্য প্রকাশ্যে আসায় উত্তপ্ত ভারত-পাক সীমান্তে বড়সড় কিছু ঘটতে চলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০