৪৫ বছরের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ, মোদির যাওয়ার সময় এসেছে: রাহুল
-
রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, গত ৪৫ বছরের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ, মোদির যাওয়ার সময় এসে গেছে। তিনি আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেছেন।
দেশে বেকারত্ব বৃদ্ধি ও পর্যাপ্ত কর্মসংস্থান না হওয়ায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে রাহুল বলেন, ‘নেতা (প্রধানমন্ত্রী) প্রত্যেক বছর দুই কোটি বেকারের চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এ নিয়ে ফাঁস হওয়া চাকরির বিবরণী জাতীয় বিপর্যয় হিসেবে সামনে এসেছে। গত ৪৫ বছরের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে। ২০১৭-২০১৮ সালেই ৬.৫ কোটি তরুণ বেকার ছিলেন। নরেন্দ্র মোদির যাওয়ার সময় এসে গেছে।’
অন্যদিকে, গতকাল (বুধবার) দিল্লিতে যুব কংগ্রেসের সমাবেশে ভাষণ দেয়ার সময় রাহুল বলেন, ‘দেশ এখন আরএসএস ও নরেন্দ্র মোদিকে শিক্ষা দিতে চায়। মোদিজি গত পাঁচ বছরে দেশকে বিক্রি করে দিয়েছেন। উত্তর-পূর্ব, জম্মু ও কাশ্মির, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালাসহ বিভিন্ন রাজ্যে গোলযোগ সৃষ্টি করে দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছেন।’
রাহুল বলেন, ‘মোদিজির লক্ষ্য ছিল কংগ্রেস মুক্ত ভারত। কিন্তু বিভিন্ন রাজ্যে পরাজিত হয়ে এখন যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই কংগ্রেসকে দেখছেন। মোদিজির কথা কেউ আর বিশ্বাস করছে না। মানুষ বুঝে গেছে, নরেন্দ্র মোদি প্রতারণা করছেন।’
তিনি বলেন, ‘আরএসএস ও নরেন্দ্র মোদিকে পরাজিত করতে কংগ্রেস আর ব্যাকফুটে খেলবে না। মুখোমুখি খেলেই মোদিকে জনতার শক্তি দেখাবে।’
আরএসএসকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘সাভারকরের মতো ব্রিটিশদের কাছে ক্ষমা চাওয়া নয়, গান্ধীর মতো সাহস দেখিয়ে কারাগারে যাওয়ার দল হল কংগ্রেস। কংগ্রেস এমন সংগঠন যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু আরএসএসের নেতারা তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন।’ ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস কেন্দ্রীয় সরকার গঠন করবে বলেও রাহুল গান্ধী মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন