ভারত নির্বাচন নিয়ে মতামত দেওয়ার অধিকার রাখে না
https://parstoday.ir/bn/news/event-i156526-ভারত_নির্বাচন_নিয়ে_মতামত_দেওয়ার_অধিকার_রাখে_না
বাংলাদেশের নির্বাচন নিয়ে পার্শ্ববর্তী দেশগুলো নিজস্ব বিশ্লেষণ করতে পারে, কিন্তু কোনো ধরনের মতামত দিতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ২৮, ২০২৬ ১৯:২৯ Asia/Dhaka
  • তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
    তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বাংলাদেশের নির্বাচন নিয়ে পার্শ্ববর্তী দেশগুলো নিজস্ব বিশ্লেষণ করতে পারে, কিন্তু কোনো ধরনের মতামত দিতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ( বুধবার ২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান জানান, বাংলাদেশ সরকার কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

নির্বাচন নিয়ে বৈশ্বিক বা আঞ্চলিক আগ্রহের বিষয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলো আমাদের নির্বাচন নিয়ে বিশ্লেষণ করতে পারে, এটি তাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের নির্বাচনে তারা কোনো মতামত দিতে পারে না। এটি আমাদের সার্বভৌমত্বের বিষয় এবং একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া।’

নির্বাচনি পরিবেশ নষ্ট করার যে কোনো অপচেষ্টা নস্যাৎ করে দেয়ার ঘোষণা দিয়ে উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এ বিষয়ে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে।’

তিনি জানান, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা মাত্র।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় কোনো অবনতি হওয়ার তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা লক্ষ করছি, কিছু কিছু রাজনৈতিক দল আচরণের ক্ষেত্রে ‘সীমালঙ্ঘন’ করছে। এই পরিস্থিতি যদি বাড়তে থাকে, তবে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।”#

পার্সটুডে/জিএআর/২৮