বিজেপি-আরএসএস আমাকে হত্যার ষড়যন্ত্র করছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী
https://parstoday.ir/bn/news/india-i68380-বিজেপি_আরএসএস_আমাকে_হত্যার_ষড়যন্ত্র_করছে_সিদ্দিকুল্লাহ_চৌধুরী
ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উগ্র হিন্দুত্ববাদীদের হাতে প্রাণনাশের আশঙ্কা করেছেন। মন্ত্রী নিজেই ওই আশঙ্কা ব্যক্ত করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৪:৪৩ Asia/Dhaka
  • মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী
    মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উগ্র হিন্দুত্ববাদীদের হাতে প্রাণনাশের আশঙ্কা করেছেন। মন্ত্রী নিজেই ওই আশঙ্কা ব্যক্ত করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে আজ (সোমবার) মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রেডিও তেহরানকে বলেন, ‘নদিয়া জেলার কিছু উগ্রসাম্প্রদায়িক শক্তি যারা নিজেদেরকে বজরং দল, আরএসএসের লোক বলছে, বিজেপি সমর্থিতরা আলোচনা শুরু করেছে আমার নাম করে যে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গুলি করে মারব। ওই আলোচনা বিভিন্ন জায়গায় হয়েছে। যারা এসব আলোচনা শুনেছেন, তারা আমাদেরকে ফোন করে বলেছেন। কারণ দেখিয়েছে, মমতা ব্যানার্জির সরকারে আমি আছি আর মুসলিম ভোটের উপরে থাবা মারতে চাচ্ছে বিজেপি। আমাদের কারণে তাদেরকে পিছু হটতে হচ্ছে। সেজন্য তারা এই ব্যাপারটা করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, আমি নাকি সন্ত্রাসী, আরএসএস-বজরং দল নাকি এটা বলেছে। আমি সন্ত্রাসী না শান্ত তারা ঠিক করার কে?’

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা মরণকে ভয় করি না। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ অনিবার্য। সুতরাং, কাপুরুষ হয়ে যেন মরতে না হয়। আমরা খুব দায়িত্বশীল মানুষ। এতে ঘাবড়ার দরকার নেই। মুখ্যমন্ত্রীর কাছে আমার চিঠি যাবে। প্রশাসনের দায়িত্ব আছে। যেহেতু তিনি মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার তার মত ব্যবস্থা করছে। এরইমধ্যে নিরাপত্তা জোরদার করা শুরু করেছে।’

তিনি বলেন, ‘ওরা (বিজেপি-আরএসএস) বাংলায় খারাপ আবহাওয়া তৈরি করতে চাচ্ছে। সে সম্পর্কে বাংলার মানুষকে, শুধু মুসলিম নয়, সর্বস্তরের মানুষকে শান্ত হয়ে চলতে হবে যাতে কোনো গোলযোগ না হয়। আমি নিজেও সজাগ হয়ে আছি, বাকি আল্লাহ্‌র হাতে সবকিছু। আমার কাজকর্ম, রুটিন অনুসারে যাতায়াত বন্ধ করতে পারব না। ওই ভয়ে আমি ভীত নই। আল্লাহ্‌র জন্য, নবীজি (সা.)-এর জন্য আমাদের প্রাণ। মুসলিম সমাজ ও বাংলার মানুষের জন্য আমরা আমাদের প্রাণকে নিবেদিত করেছি। আমরা মনে করি এই মজলুম মানুষের সেবা করলে আল্লাহ্‌ খুশি হবেন।’  

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘ওরা দুশ্চিন্তায় ফেলার চেষ্টা করছে যাতে আমি বাড়িতে বসে যাই, জনগণের মধ্যে যে যোগসূত্র, যে ভালোবাসা, জনপ্রিয়তা তাতে যেন ভাটা পড়ে সেই চেষ্টা ওরা করছে। যারা বলেছে, তারা অন্যায় কাজ করেছে, আইনকে হাতে নিয়ে তারা ভয় দেখাতে চাচ্ছে। বিচারব্যবস্থা আছে, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কোর্ট আছে, আদালত আছে, থানা আছে তারা সেসব জায়গায় বলুক। চল্লিশ বছর ধরে আমরা পশ্চিমবঙ্গের কোলকাতা শহরসহ বিভিন্ন জেলায় কাজ করছি। আমরা কেমন মানুষ তা সবাই জেনেছে। নন্দিগ্রাম আন্দোলন সবার উপরে ছিল। সেখানে বহু মানুষ অমুসলিম বন্ধু, ভাই আমার বাড়িতে, কোলকাতার জমিয়ত অফিসে বহু জায়গায় একসঙ্গে মিটিং-মিছিল করেছি। সেখানে কোনো ‘তকমা’ কেউ লাগাতে পারেনি। ওরা আসলে সংকীর্ণ রাজনীতি করতে চায়।’     

‘এদের ভয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে ভারতে নতুন সূর্যের উদয় ঘটাবেন। সেজন্য তাঁর রাজ্যে অস্থিরতা সৃষ্টির জন্য ওরা এসব কাজ করছে’ বলেও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫