দেশের ‘চৌকিদার’ প্রত্যেক ভাষণে মিথ্যে কথা বলেন: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i68512-দেশের_চৌকিদার’_প্রত্যেক_ভাষণে_মিথ্যে_কথা_বলেন_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, দেশের ‘চৌকিদার’ প্রত্যেক ভাষণে মিথ্যে কথা বলেন। তিনি আজ (শনিবার) ঝাড়খণ্ডের রাঁচির মোহরাবাদী ময়দানে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। 
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ০২, ২০১৯ ১৮:৪৯ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, দেশের ‘চৌকিদার’ প্রত্যেক ভাষণে মিথ্যে কথা বলেন। তিনি আজ (শনিবার) ঝাড়খণ্ডের রাঁচির মোহরাবাদী ময়দানে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। 

রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সকল চৌকিদারের মান-মর্যাদা লঙ্ঘন করেছেন। এই ‘চৌকিদার’ চোর। যিনি তার বন্ধু অনিল আম্বানির পকেটে গোপনে ৩০ হাজার কোটি টাকা পৌঁছে দিয়েছেন।

রাহুল প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, (প্রধানমন্ত্রীর) ‘আচ্ছে দিন’ (সুদিন)-এর স্লোগান এখন পরিবর্তন হয়ে গেছে। এখন বলা হচ্ছে, ‘চৌকিদার চোর’। উনি সমস্ত চৌকিদারদের দুর্নাম করে দিয়েছেন। চৌকিদারের কথা হলেই মোদির কথা হয়। ৩০ হাজার কোটি টাকা অনিল আম্বানির (শিল্পপতি) পকেটে দেয়া হয়েছে। এর থেকে লজ্জার কি হতে পারে!’

ঝাড়খণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে উদ্দেশ করে রাহুল বলেন, ঝাড়খণ্ডের চৌকিদার আদিবাসীদের জমি চুরি করছেন। কৃষকদের কাছ থেকে সম্মতি না নিয়েই শিল্পপতিদের জমি দিয়ে দিচ্ছেন। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি যেখানেই যান মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ান। সবাইকে লড়িয়ে দেন। কিন্তু কংগ্রেস কর্মীদের কাজ হল মানুষের সাথে সংযোগ স্থাপন করা।’

বিরোধীরা একসঙ্গে বিজেপিকে পরাজিত করবে বলে মন্তব্য করে রহুল বলেন, মহাজোট এখানে ১৪টি লোকসভা আসনের সবকটিতেই  জিতবে। ছয় মাস পরে ঝাড়খণ্ডেও বিজেপি সরকার উৎখাত  হবে।’

তিনি বলেন, ঝাড়খন্ড একটি দরিদ্র রাজ্য নয়, এটি ধনী রাজ্য। আপনাদের অর্থ চুরি হয়ে যাচ্ছে। কংগ্রেস ঝাড়খন্ডকে পরিবর্তনের সরকার উপহার দেবে।  

ফারুক আহমেদ

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ (শনিবার) রেডিও তেহরানকে বলেন, ‘কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী আজ ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী ও চৌকিদার সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত যথার্থ। আমরা দেখেছি প্রধানমন্ত্রী মিথ্যে প্রতিশ্রুতিতে সকলের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা প্রদান, বছরে দুই কোটি বেকারের চাকরি, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা, 'আচ্ছে দিন' বা সুদিন আনার কথা বললেও তিনি তা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেবে এবং মোদি সরকারের পতন নিশ্চিত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন