মোদি মিথ্যে কথা বলেন, বিজেপি আর না: তৃণমূল নেত্রী চন্দ্রিমা
https://parstoday.ir/bn/news/india-i69269-মোদি_মিথ্যে_কথা_বলেন_বিজেপি_আর_না_তৃণমূল_নেত্রী_চন্দ্রিমা
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্য কথা বলেন, যাকে আমরা প্রচলিত ভাষায় বলি ‘গুল’ দিচ্ছেন। ওই ‘গুল’, সারা ভারতবর্ষের মানুষ দেখছেন চোখে সর্ষের ফুল! সেজন্য ‘ওই বিজেপি আর না’। কেন্দ্রে  বিজেপি সরকারকে রাখা যাবে না।’
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মার্চ ৩১, ২০১৯ ১৫:১১ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন চন্দ্রিমা ভট্টাচার্য
    বক্তব্য রাখছেন চন্দ্রিমা ভট্টাচার্য

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্য কথা বলেন, যাকে আমরা প্রচলিত ভাষায় বলি ‘গুল’ দিচ্ছেন। ওই ‘গুল’, সারা ভারতবর্ষের মানুষ দেখছেন চোখে সর্ষের ফুল! সেজন্য ‘ওই বিজেপি আর না’। কেন্দ্রে  বিজেপি সরকারকে রাখা যাবে না।’

তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের বনগাঁয় শহর তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘যারা ‘বেটি (কন্যা) বাঁচাও, বেটি পড়াও’-এর নামে ফাঁকা আওয়াজ দেয় তাদের আমরা উপযুক্তভাবে বুঝিয়ে দেবো ওই বিজেপি আর না।’

তিনি বলেন, ‘গীতাঞ্জলি প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, ঘরের আলো, মেয়েদের সম্মান দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য তৃণমূল বার বার। আর, ওই বিজেপি আর না। বাংলা তোমায় দেবো না। ‘অত শখ কোরো না, বাংলা তোমায় দেবো না’। বাংলায় ৪২টি আসনের মধ্যে ৪২টিতেই জয়ী হয়ে দেখিয়ে দেবো বাংলা আজ করে সারা ভারত তার সঙ্গেই কণ্ঠ মেলায়।’ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, চৌকিদারের চৌকিদারির নমুনা ভারতের মানুষ দেখে নিয়েছে। আমার আফরাজুল দাউ দাউ করে জ্বলছে, একথা বললেই দোষ! প্রশ্ন করলে আমি দেশদ্রোহী! আর আপনি দেশপ্রেমিক? আফরাজুলের মায়ের কান্নার সঙ্গে আমি চন্দ্রিমা ভট্টাচার্য'র কান্নার জল যদি মিলেমিশে এক হয়ে না যায় তাহলে আমার মাতৃত্বকে যে জগৎ ধিক্কার দেবে! আমার মাতৃত্বদের কোনও ভাগ হতে পারে না। প্রসবের রক্তের মধ্যে, যন্ত্রণার মধ্যে কোনও ভাগ হতে পারে না। এই ভাগ যারা করতে চায়, যারা এই বিভাজনের লাইনটা টানতে চায় তাদেরকে বুঝিয়ে দিন এটা বাংলা। বাংলাই প্রথমে প্রতিবাদ করে অন্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন।’

পশ্চিমবঙ্গের মালদহ থেকে শ্রমিকের কাজ করতে গিয়ে ২০১৭ সালের ডিসেম্বরে রাজস্থানে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন মুহাম্মদ আফরাজুল। তাঁকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল শম্ভুলাল রেগর নামে এক ঘাতক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসময় লোমহর্ষক ওই হত্যার ভিডিও চিত্র ছড়িয়ে দিয়েছিল শম্ভুলাল। গোটা দেশ জুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভে সোচ্চার হয়েছিলেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। সেই ঘটনাকে উল্লেখ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি’র বিভাজনের রাজনীতির তীব্র সমালোচনা করেন।        

এদিনের ওই সমাবেশে নারীদের উপচেপড়া ভিড় ছিল লক্ষনীয়। সমাবেশে বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য, বনগাঁর সাবেক চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যসহ বনগাঁ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও তৃণমূলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/৩১