বিজেপির স্বৈরাচারী কার্যকলাপ তুলে ধরতে হবে: বামফ্রন্ট চেয়ারম্যান
-
বিমান বসু
ভারতের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মানুষের সামনে বিজেপির স্বৈরাচারী কার্যকলাপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি ওই আহ্বান জানান।
বিমান বসু বলেন, ‘জনগণের সামনে বিজেপির স্বৈরাচারী যে কার্যকলাপ, তারা যেভাবে মুহাম্মদ আখলাককে হত্যা করেছিল তাঁর ফ্রিজে নাকি গরুর মাংস আছে এমন অভিযোগে। তাঁকে হত্যার পরে ফ্রিজের মাংস বাজেয়াপ্ত করে ফরেনসিক টেস্ট করা হয়েছিল, তখন দেখা গিয়েছিল সেটি ছিল ছাগলের মাংস, গরুর মাংস ছিল না। কিন্তু তিনি খুন হয়েছিলেন।’
প্রসঙ্গত, উত্তর প্রদেশে মুহাম্মদ আখলাকের বাসায় ফ্রিজে গরুর গোশত থাকার অভিযোগে তাঁকে গণপিটুনিতে হত্যা করেছিল একদল উগ্র হিন্দুত্ববাদী। বিমান বাবু সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘বিজেপি রাজনীতি ও ধর্মকে মিশিয়ে চলে। দেশের সাধারণ মানুষের সামনে যে বিপদ তৈরি করেছে সেটা সম্পর্কে মানুষের মধ্যে আলোচনা করতেই হবে। এবং বিজেপিকে যারা সমর্থন করে না তাদের ভোটকে এক জায়গায় নিয়ে আসতে হবে। অনুরূপভাবে তৃণমূল, যারা বিভিন্নভাবে মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগ তৈরি করার চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি ঘণ্টার পর ঘণ্টা ‘শ্লোক’ বলে যেতে পারি। কিন্তু শ্লোকের সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? আবার তারাই বলেন ওরা মন্দির করছে, আমরা সূর্যমন্দির করব। কোটি টাকা ব্যয় করে সূর্য মন্দির করব। এভাবে ধর্মীয় মেরুকরণের কৌশল একভাবে বিজেপি নেয়, আর একভাবে তৃণমূল নেয়।’
বিমান বসু বলেন ‘জনগণের উপরে তৃণমূলের যে অত্যাচার, মা বোনেদের উপরে যে অত্যাচার, সাধারণ কৃষক, খেতমজুর যারা ঋণের দায়ে এমন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েন টাকা শোধ করতে পারছেন না, বাড়িতে তাগাদা দিচ্ছে এরফলে তারা অবসাদের শিকার হয়ে আত্মহত্যা করে বাধ্য হন। সেই সাধারণ মানুষ তাদের অবশ্যই তৃণমূল বিরোধী প্রচারের মধ্য দিয়ে তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসতে হবে। অর্থাৎ বিজেপি-তৃণমূলের ভোটের সমাহার আমাদের করতে হবে।’ স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে মানুষের ঐক্যকে জোরদার করার কাজ করতে হবে বলেও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩