বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i69330-বিজেপি_আবার_ক্ষমতায়_এলে_আপনাদেরকে_ভিটে_ছাড়া_করবে_অভিষেক
ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) কুচবিহারে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৩, ২০১৯ ১৫:৫৯ Asia/Dhaka
  • অভিষেক বন্দোপাধ্যায়
    অভিষেক বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) কুচবিহারে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে ওই মন্তব্য করেন।

অভিষেক বলেন, ‘বিজেপি অসমে গিয়ে বলছে বাঙালি খেদাও, গুজরাটে গিয়ে বলছে বিহারি খেদাও। জাতীয় নাগরিকপঞ্জি এনআরসির নামে ৪০ লাখ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এই বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাকে আপনার ভিটেমাটি ছাড়া করবে।’

তিনি প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতিকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘মোদি ভারতবর্ষের ‘শনি’, অমিত শাহ ‘রাহু’ আর দিলীপ ঘোষরা ‘কেতু’। এরা যতদিন থাকবে, দেশের কোনও উন্নতি হবে না। বিগত চার বছরে রান্নার গ্যাস, কেরোসিন তেল, পেট্রোলের দাম, ডিজেলের দাম বহুগুণ বেড়েছে। বিজেপি যত হারবে দ্রব্যমূল্য তত কমবে।’  

তিনি বলেন, ‘এখন আর ‘জয় শ্রীরাম’ বলে ভোট পাওয়া যাবে না, ওনারা বুঝে গেছেন। ওরা সকালে বলছেন রাম, বিকেলে নাথুরাম (গান্ধীজির ঘাতক)। বাংলার মানুষ ধর্মের রাজনীতিকে প্রশ্রয় দেয় না। ঈশ্বর পূজনীয়, রাজনীতিতে ব্যবহারের জন্য নয়। আগামী ২৩ মে (লোকসভার ভোট গণনার দিন) পদ্ম ফুল (বিজেপির প্রতীক) সর্ষে ফুলে বদলে যাবে। জোড়াফুলকে (তৃণমূলের প্রতীক) মেটানো যাবে না।’

অভিষেক বলেন, ‘মোদির নৌকা ফুটো হয়ে গেছে। আগামী দিন বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করাতে হবে। ২৩ মে’র পরে ভারতে বিজেপির থাকবে না কোনও নাম। তিনি বলেন, ‘এই লড়াই সাম্প্রদায়িক মোদি এবং দিদির (মমতা) লড়াই।’

বাংলার সম্মান, কৃষ্টি, মর্যাদা, অহঙ্কার, ঐতিহ্য রক্ষা করার স্বার্থে তৃণমূলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে আহ্বান জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩