এবারের নির্বাচন বিজেপিকে ভারত থেকে বিদায় করার নির্বাচন: মমতা
https://parstoday.ir/bn/news/india-i69471-এবারের_নির্বাচন_বিজেপিকে_ভারত_থেকে_বিদায়_করার_নির্বাচন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতের মাটি থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে বিদায় করার নির্বাচন। বিজেপিকে বাংলা থেকে দূর করার নির্বাচন।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১০, ২০১৯ ১৩:৩২ Asia/Dhaka
  • মমতা বন্দোপাধ্যায়
    মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। ভারতের মাটি থেকে বিজেপিকে রাজনৈতিকভাবে বিদায় করার নির্বাচন। বিজেপিকে বাংলা থেকে দূর করার নির্বাচন।’

লোকসভা নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।  

তৃণমূল নেত্রী মমতা বলেন, ‘এবারের নির্বাচন ভারত থেকে বিজেপিকে হারিয়ে দেয়ার নির্বাচন। মোদি বাবু যাতে আর কোনোদিনও প্রধানমন্ত্রী না হন সেজন্য একটা একটা করে ভোট দেয়ার নির্বাচন।’

তিনি উপস্থিত জনতার উদ্দেশে সিপিএম ও কংগ্রেসকে ভোট না দিয়ে তৃণমূল প্রার্থীকে ভোট দেয়ার আবেদন জানান।

বিরোধীদের কটাক্ষ করে মমতা বলেন, ‘বাংলায় সিপিএম, কংগ্রেস ও বিজেপি এক হয়েছে। বাংলায় সকালে যে সিপিএম করে, দুপুরে কংগ্রেস করে এবং রাতে করে বিজেপি। বাংলায় যারা কংগ্রেস করে তারা রাতে করে বিজেপি, সকালে সিপিএম করে, দুপুরে করে কংগ্রেস। এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি ‘জগাই-মাধাই-গদাই’। সেজন্য ওদেরকে একটিও ভোট নয়।’ 

তিনি বলেন, ‘ভারত সরকার গড়ায় নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেস। ভারত সরকার বদলে দেবে তৃণমূল। ভারতের সরকার গড়তে এগিয়ে যাবে তৃণমূল। দিল্লিতে বদলাবে তৃণমূল। মোদিকে হটাবে তৃণমূল। ভারতে নতুন সরকার গঠন করবে তৃণমূল। সেজন্য আপনাদের প্রত্যেক ভোটের দাম অনেক বেশি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে মমতা বলেন, ‘উনি গত পাঁচ বছরে কোনও কাজ করেননি। পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর বিদেশে ঘুরে বেড়িয়েছে। দেশে বেকারত্ব বেড়েছে, নোট বাতিল করেছে। সংখ্যালঘুদের উপরে কত জুলুম করেছে? গোরক্ষকের নামে কত জুলুম করেছে? কত গণপিটুনির ঘটনা করেছে? কত অত্যাচার করেছে? আজ উনি বলছেন, তিনি ‘চৌকিদার’, তাঁকে ভোট দিতে হবে। কিন্তু চৌকিদার চোর, মিথ্যবাদী, লুটেরা ও দাঙ্গাবাজ। একটি ভোটও বিজেপিকে দেবেন না।’

যারা আরএসএসের হাতকে শক্তিশালী করছে তাদেরকে কোনোভাবেই ভোট না দেয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএই্চ/এআর/১০