বিজেপির সঙ্গে সমঝোতা ব্যর্থ: ৩৯ আসনে প্রার্থী ঘোষণা করলেন ওমপ্রকাশ
https://parstoday.ir/bn/news/india-i69616-বিজেপির_সঙ্গে_সমঝোতা_ব্যর্থ_৩৯_আসনে_প্রার্থী_ঘোষণা_করলেন_ওমপ্রকাশ
ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির সহযোগী ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’ রাজ্যে ৩৯ লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি’র সঙ্গে আসন সমঝোতার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় আজ (মঙ্গলবার) দলটির প্রধান ও রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এরফলে রাজ্যটিতে ক্ষমতাসীন বিজেপি ধাক্কা খেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৬, ২০১৯ ১৩:৩০ Asia/Dhaka
  • ওমপ্রকাশ রাজভর
    ওমপ্রকাশ রাজভর

ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির সহযোগী ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’ রাজ্যে ৩৯ লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি’র সঙ্গে আসন সমঝোতার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় আজ (মঙ্গলবার) দলটির প্রধান ও রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এরফলে রাজ্যটিতে ক্ষমতাসীন বিজেপি ধাক্কা খেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

উত্তর প্রদেশে ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’ যেসব আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে বারানসী, লক্ষনৌ ও গোরক্ষপুরের মতো গুরুত্বপূর্ণ আসন রয়েছে যেখানে বিজেপির প্রভাবশালী নেতারা নির্বাচনে অংশ নেবেন।   

‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র প্রধান ও রাজ্যের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বলেছেন, তিনি রাজ্য সরকার থেকে ইস্তফা দিতে তৈরি রয়েছেন। পদত্যাগপত্র তৈরি করে  রেখেছেন। কিন্তু সরকার ইস্তফা নিতে রাজি নয়।

ওমপ্রকাশ বলেন, ‘আমি বিজেপির নেতা নই। আমাদের আলাদা দল রয়েছে। পূর্বাঞ্চলে আমাদের শক্তি দেখে বিজেপি আমাদেরকে সঙ্গে নিয়েছিল। আমরা কারও দয়ায় নই, লড়াই করে মন্ত্রী হয়েছি। এজন্য সত্য কথা বলি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জনকল্যাণের স্বার্থে এটা আমাদের মতাদর্শগত লড়াই।’   

দলিত সামাজের নেতা ওমপ্রকাশ আগেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি উত্তর প্রদেশে অন্যান্য অনগ্রসর শ্রেণিকে (ওবিসি) ২৭ শতাংশ সংরক্ষণ (শিক্ষা ও চাকরিতে) না দেয়া হয় তাহলে তার দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ত্যাগ করবে। যখন নির্বাচন আসে তখনই সহযোগী দলের কথা বিজেপির মনে পড়ে বলেও তিনি মন্তব্য করেন।

ওমপ্রকাশ বলেন, তারা সবসময় জোটধর্ম পালন করার চেষ্টা করেছেন। সহযোগী দল হওয়ায় ওঁরা কেবল একটি আসনে বিজেপি’র চিহ্ন নিয়ে নির্বাচনে লড়ার প্রস্তাব দিয়েছিল, আমরা তা প্রত্যাখ্যান করেছি। মুখ্যমন্ত্রী আমাদের আবেগকে বুঝতে না পারায় বাধ্য হয়ে রাত তিনটের সময় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর ব্যক্তিগত সচিবের কাছে পদত্যাগপত্র তুলে দিয়েছিলাম। কিন্তু তিনি পদত্যাগপত্র গ্রহণ করতে অস্বীকার করেছেন।

ওমপ্রকাশ রাজভরের দল ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে ৪ আসনে জয়ী হয়েছিল।  

বীরেন্দ্র নাথ মাহাতো

এ প্রসঙ্গে ইউনাইটেড সোশালিস্ট পার্টির (ইউএসপি) পশ্চিমবঙ্গের সহ-সম্পাদক বীরেন্দ্র নাথ মাহাতো আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ওমপ্রকাশ রাজভরের দল ৩৯টি লোকসভা আসনে প্রার্থী দেয়ার ফলে বিজেপির মেরুদণ্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ইউনাইটেড সোশালিস্ট পার্টির (ইউএসপি) পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ওমপ্রকাশ রাজভরকে ধন্যবাদ জানাচ্ছি। ৩৯টি কেন্দ্রেই তাঁর দল যাতে জয়ী হয় সেজন্য আমরা পশ্চিমবঙ্গ থেকে তাঁকে আশীর্বাদ করছি।’

বিজেপি মানুষকে যে আশা ও প্রতিশ্রুতি দিয়ে গত লোকসভা নির্বাচনে লড়েছিল তা মিথ্যে প্রমাণিত হওয়ায় মানুষ নির্বাচনে ব্যালটবাক্সে তার জবাব দেবে বলেও ইউনাইটেড সোশালিস্ট পার্টির (ইউএসপি) পশ্চিমবঙ্গের সহ-সম্পাদক বীরেন্দ্র নাথ মাহাতো হুঁশিয়ারি দেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬