বিজেপির মৃত্যুঘণ্টা বেজে গেছে, এবার দিল্লিতে পরিবর্তন হবে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i69801-বিজেপির_মৃত্যুঘণ্টা_বেজে_গেছে_এবার_দিল্লিতে_পরিবর্তন_হবে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপির মৃত্যুঘন্টা বেজে গেছে, এবার দিল্লিতে পরিবর্তন হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) তিনি খানাকুলে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৩, ২০১৯ ১৫:০২ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপির মৃত্যুঘন্টা বেজে গেছে, এবার দিল্লিতে পরিবর্তন হবে। লোকসভা নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) তিনি খানাকুলে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

মমতা বিজেপি ও প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘ সাড়ে চার বছর মোদি বিদেশে ঘুরে বেড়িয়েছেন। এখন মোদি বাবু যাতে ঘুরে ঘুরে প্রচার করতে পারেন, সেজন্য তিন মাস ধরে নির্বাচন হচ্ছে। তিন মাস ধরে সরকারের সব কাজ বন্ধ। সরকার কোনো উন্নয়ন প্রকল্পে টাকা দিতে পারছে না। উন্নয়নের সব কাজ বন্ধ। বিজেপি অন্য কোনো রাজ্যে ভয়ে যেতে পারছে না। তাই ভয়ে ভয়ে বাংলায় এসে ভাবছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু চমকাই। তোমরা যত বেশী পর্যায় ভোট করবে, আমরা তত বেশী ভোটে জিতব।’

মমতা বলেন, ‘ওরা গান্ধীজিকে হত্যা করেছে, নেতাজীকে ভুলিয়ে দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান করে না, নজরুলকে মানে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের অনেক কিছু বাতিল করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর জ্ঞান না শুনলে সেখানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, ইডি পাঠিয়ে দেবে। কিন্তু এসব দিয়ে বাংলাকে ভয় দেখানো যাবেনা।’ 

মমতা বলেন, ‘কখনও দেখেছেন প্রধানমন্ত্রীকে মানুষ ভয় পায়? সবাই ভয়ে আছে। সবাই ওনার বিদায়ের অপেক্ষায় আছে।’ মমতা এদিন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), নাগরিকত্ব সংশোধনী বিল ইত্যাদি নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩