ভারতের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার টিকিয়ে রাখতে মোদিকে হটাতে হবে: মমতা
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের একটাই শপথ, প্রতিজ্ঞা ও অঙ্গীকার, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। আগামীদিন যদি ভারতের স্বাধীনতা রাখতে হয়, গণতন্ত্র রাখতে হয় সংবিধান রাখতে হয় মনে রাখবেন মোদিকে বিদায় না করলে কোনও মানুষের অধিকার থাকবে না।’ লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) শ্রীরামপুরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘আমার ফোন ট্যাপ করে রাখা হয়েছে। আমি যা-ই কথা বলি তার সম্পূর্ণটাই ট্যাপ করে। ফোনে কাউকে যদি দু’কেজি আলু আনিস, সেটা তুলে নেবে, যদি বলি দু’কেজি পটল আনিস তাও তুলে নেবে। ফোনে সাবান বা কোলগেট মাজন কিনে আনার কথাও বলতে পারছি না! সব টুকছে বসে বসে! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিসহ দশটা এজেন্সি মিলে সব তুলছে। দোকান থেকে কেনাকাটা করলেও তাও তুলে নিচ্ছে ওরা! সুতরাং ওদের রাজনীতি করার অধিকার নেই। মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে।’
মমতা বলেন, ‘আগামীদিন যদি বাঁচতে হয় মনে রাখবেন বদলে দিন, পাল্টে দিন, উল্টে দিন মোদি বাবুদের হারিয়ে দিন। ওদেরকে (বিজেপিকে) একটা ভোটও দেবেন না। সিপিএম-কংগ্রেস-বিজেপি কাউকে দেবেন না। সমস্ত ভোট তৃণমূলের জোড়া ফুলে।’
মমতা বলেন, ‘মনে রাখবেন এটা চোদ্দোশো ছাব্বিশ (সাল), চাই ৪২-এ ৪২। ৪২ টি আসন নিয়ে আমরা দিল্লি দখল করব। ৪২ টি আসন নিয়ে বাংলা-ই দিল্লি গড়বে, তৃণমূল দিল্লি গড়বে।’ মমতা এদিন প্রতিশ্রুতি পূরণে বিজেপির ব্যর্থতার কথা উল্লেখসহ নোট বাতিল, জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি, নাগরিকত্ব সংশোধনী বিল ইত্যাদি ইস্যুতে বিজেপি সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৪