লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ আসনে জয়ী হবে: আদিত্যনাথের দাবি
-
যোগি আদিত্যনাথ
ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি চারশ’ আসনে জয়ী হবে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগি আদিত্যনাথ। গতকাল (শুক্রবার) কুশীনগরে দলীয় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই দাবি করেন। ভারতে লোকসভার মোট ৫৪৩ আসন রয়েছে।
আদিত্যনাথের দাবি, গোটা দেশে একটাই হাওয়া, সচেতন ভোটারদের আশা মোদি পুনরায় প্রধানমন্ত্রী হবেন। মানুষ এই সঙ্কল্প নেয়ায় কোনও শক্তিই মোদিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়া থেকে বাধা দিতে পারবে না।
তিনি বলেন, ‘স্বাধীনতার পরে কংগ্রেস দেশে প্রায় ৫৫ বছর ধরে শাসন করেছে। সেসময় অনেক দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদের প্রথম অধিকার মুসলিমদের। কংগ্রেসের আমলে ২৭০-এর বেশি জেলা মাওবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ অধ্যুষিত ছিল। আমাদের জওয়ান ও নাগরিকরা নিহত হতেন। কিন্তু সরকার নীরব হয়ে থাকত। পাকিস্তান আমাদের জওয়ানদের মাথা কেটে নিয়ে যেত, চীন ভারতীয় সীমান্তে ঢুকে পড়ত। কিন্তু প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পরে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’
তিনি বলেন, ‘মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী হতে দিন- তাহলে দেশ থেকে মাওবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ নির্মূল হয়ে যাবে। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে মুখের মতো জবাব দিয়েছে।’ উত্তর প্রদেশে ৭২ আসনে বিজেপি জয়ী হবে বলেও যোগি আদিত্যনাথের দাবি। লোকসভার ৮০ আসন রয়েছে উত্তর প্রদেশে।
‘গোটা দেশে মোদিবিরোধী হাওয়া’
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ (শনিবার) রেডিও তেহরানকে বলেন, ‘উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দাবি করেছেন চারশ’র বেশি আসন পেয়ে লোকসভা নির্বাচনে বর্তমান বিজেপি সরকার জয়ী হবে। কিন্তু যোগি আদিত্যনাথের ওই দাবি কখনই সফল হবে না। কারণ, গোটা দেশে মোদিবিরোধী হাওয়া উঠে গেছে। সর্বশ্রেণির সর্বধর্মের, সর্ববর্ণের মধ্যে এখন একটাই আওয়াজ ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। কারণ, এই সরকার বিগত পাঁচ বছরে দেশবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বেকারত্ব বেড়েছে।’
তিনি বলেন, ‘ওরা দেশবাসীকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে নরেন্দ্র মোদী প্রত্যেকের অ্যাকাউন্টে পনের লাখ টাকা করে দেয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই কথা রাখতে পারেননি। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। কাশ্মির সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। গোটা দেশে পাঁচ বছরে দুইশ’ ষাট শতাংশ সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে যা নজিরবিহীন। এই সরকারকে দেশবাসী উচিত শিক্ষা দেবে।’
লোকসভা নির্বাচনে মোদি সরকারের পতন সুনিশ্চিত হবে এবং ধর্মনিরপেক্ষ শক্তির উত্থান হবে এবং দেশের মানুষ সেটাই চাচ্ছে বলেও ফারুক আহমেদ মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৭