তৃণমূলের ৪০ বিধায়কের সঙ্গে যোগাযোগ থাকার দাবি মোদির, রাজনীতিতে চাঞ্চল্য
-
নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের তৃণমূলের ৪০ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ থাকার দাবি করায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘তৃণমূলের ৪০ জনের বেশি বিধায়ক আমাদের সাথে যোগাযোগ রাখেন। ২৩ মে'র (ভোটের ফল ঘোষণা) পরে তাঁরা বিজেপিতে যোগ দেবেন।’ প্রধানমন্ত্রী আজ (সোমবার) পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই দাবি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘এক্সপায়ারি বাবু’ বলে কটাক্ষ করে বলেন, ‘কোনও তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন না। আপনি ভোটপ্রচারে নাকি ঘোড়া কেনাবেচা করতে এসেছিলেন?’ ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলে তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে বলেও ডেরেক ও’ ব্রায়েন বলেন।
প্রধানমন্ত্রী মোদি মুখ্যমন্ত্রী মমতার সমালোচনা করে বলেন, ‘দিদির নির্বাচনী প্রচার মানে শুধু মোদি আর বিজেপিকে গালি দেয়া। এখন পশ্চিমবাংলায় মানুষের ভোটের হার দেখে ইভিএমকে (ইলেকট্রনিক ভোট যন্ত্র) গালি দিতে শুরু করেছেন। বাংলায় ভোট দেখে দিদির মেজাজ এতো খারাপ হয়ে রয়েছে যে তৃণমুলের লোকজনও পাশে যেতে ভয় পাচ্ছে। দিদি যতই গালি দিন, বাংলার মানুষ ঠিক করে ফেলেছে ২৩ মে আরও একবার বিজেপি সরকার হবে। দিদি, বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন। গণতন্ত্রের সাথে প্রতারণা করছেন। বিজেপির লক্ষ্য দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা। কিন্তু বিরোধীদের লক্ষ্য শুধু মোদি বিরোধিতা করা।’
তৃণমূলের গুণ্ডারা মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে। কিন্তু, পশ্চিমবঙ্গের মানুষের চোখে একটাই স্বপ্ন ‘বিজেপি’ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৯