বিজেপি লোকসভা নির্বাচনে গো-হারা হারবে: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি লোকসভা নির্বাচনে গো-হারা হারবে। কোথাও কোনো আসন পাবে না এটা মাথায় রাখবেন।
মমতা আজ (বুধবার) পশ্চিমবঙ্গের ডেবরায় দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। মমতা এদিন রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সবাইকে রমজান মুবারক। আল্লাহতায়ালা আপনাদের দোয়া করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রসুলুল্লাহ।’
মমতা বলেন, ‘উত্তর প্রদেশে বিজেপি গতবার ৭৩ আসন পেলেও এবার সেখানে ১৩ টা আসনও পাবে না। অন্ধ্র প্রদেশে গোল্লা পাবে, তামিলনাড়ুতে গোল্লা পাবে, কেরালাতে গোল্লা পাবে, উত্তর প্রদেশে আসন কমে একেবারে ডাউনে চলে যাবে। পাঞ্জাবে পাবে না, রাজস্থান, ছত্তিসগড়, মধ্য প্রদেশে যা ছিল তার চেয়ে অনেক কম পাবে। উড়িষ্যায় বড়জোর একটা আসন পাবে, বাংলায় বড় গোল্লা! মনে রাখবেন বিজেপি হারছে, হারবে এবং তাই বিজেপিকে বিদায় দিতে হবে।’
তিনি বলেন, ‘আগামী ১২ মে আসছে দিন, জোড়া ফুলে ছাপ দিন। অত্যাচারী বিজেপিকে এই মাটিতে ভালো করে গণতন্ত্রের কবর দিন। ভারত থেকে রাজনৈতিকভাবে ওদের বিদায় দিন। ভারত থেকে বিজেপিকে করব মোরা খালি। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসবে না, আসবে না, আসবে না। নরেন্দ্র মোদি হারবে, হারবে, হারবে। বিদায় নেবে, বিদায় নেবে, বিদায় নেবে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের ওয়াদা।’
বাংলার মাটি স্বাধীনতার মাটি, গণজাগরণের মাটি। এবং এই মাটি থেকেই বিজেপিকে উৎখাত করবই এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিবাদ বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৮