রাজীব গান্ধী সম্পর্কে মোদির মন্তব্যকে নাকচ করলেন সাবেক নৌসেনা কর্মকর্তারা
-
রাজীব গান্ধী ও নরেন্দ্র মোদি
ভারতের পরলোকগত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 'নৌবাহিনীর জাহাজে শ্বশুরবাড়ির লোকদের নিয়ে লাক্ষাদ্বীপে ছুটি কাটিয়েছেন' বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে অভিযোগ করেছেন, নৌবাহিনীর সাবেক কর্মকর্তারা তা নাকচ করে দিয়েছেন।
নরেন্দ্র মোদির অভিযোগ, বিদেশি শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে নৌসেনার আইএনএস-বিরাটে চেপে লাক্ষাদ্বীপে সপরিবার দশ দিনের ছুটি কাটিয়েছিলেন রাজীব গান্ধী। তাঁর অভিযোগ, দেশের নিরাপত্তার সঙ্গে আপোশ করে ওই যুদ্ধজাহাজ রাজীব ও তাঁর পরিবারের জন্য লাক্ষাদ্বীপে মোতায়েন ছিল। সঙ্গে ছিল সেনাবাহিনীর হেলিকপ্টারও।
কিন্তু গতকাল (বৃহস্পতিবার) সাবেক অ্যাডমিরাল এল রামডস, অ্যাডমিরাল অরুণ প্রকাশ, ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচা, ভাইস অ্যাডমিরাল মদনজিৎ সিং এক যৌথ বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভুল। কোনো ছুটি কাটাতে নয়, রাজীব গান্ধী লাক্ষাদ্বীপে গিয়েছিলেন সরকারি সফরে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সোনিয়া গান্ধী। সরকারি সফরে স্ত্রীকে সঙ্গে নিতে পারেন দেশের প্রধানমন্ত্রী। আর যুদ্ধজাহাজে কোনো বিদেশি ছিলেন না।
১৯৮৭ সালে রাজীব গান্ধীর সঙ্গে ওই চার জনই সফরে ছিলেন। অন্য তিন জনের সঙ্গে কথা বলে এবং সম্মতি নিয়ে সাবেক নৌসেনা প্রধান রামডস এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবিকে ভুল বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে, কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ধারাবাহিক মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন।
আজ (শুক্রবার) কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম বলেছেন, আমি এটা জানতে চাই যে প্রধানমন্ত্রীকে এই মিথ্যা কথা কে বলছে? প্রধানমন্ত্রী কেন তথ্য যাচাই না করেই মিথ্যা বলছেন? নরেন্দ্র মোদির আরও একটি মিথ্যা ধরা পড়েছে। নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলেছেন, সরকারি সফরের জন্যই রাজীব গান্ধী আইএনএস-বিরাটকে ব্যবহার করেছিলেন।
চিদাম্বরম সাবেক ইউপিএ সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বলেন, যদি প্রধানমন্ত্রীর কাছে ইউপিএ সরকারের সময়ে সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে প্রমাণ না থাকে তাহলে এর অর্থ তাঁকে তথ্য লুকোনো হচ্ছে। আপনি ওইসব জেনারেলদের সঙ্গে কেন কথা বলছেন না যারা বলছেন এটাই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক নয়, এটা শেষবারও নয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১০