বিজেপি হলো তৃণমূলের প্রাণভোমরা, একে অপরের পরিপূরক: মুহাম্মাদ সেলিম
https://parstoday.ir/bn/news/india-i70338-বিজেপি_হলো_তৃণমূলের_প্রাণভোমরা_একে_অপরের_পরিপূরক_মুহাম্মাদ_সেলিম
ভারতের পশ্চিমবঙ্গে সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য মুহাম্মদ সেলিম বলেছেন, ‘বিজেপি হলো তৃণমূলের প্রাণভোমরা। একে অপরের পরিপূরক।' লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) তিনি বসিরহাটে নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। 
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ১৩, ২০১৯ ১০:৩১ Asia/Dhaka
  • বিজেপি হলো তৃণমূলের প্রাণভোমরা, একে অপরের পরিপূরক: মুহাম্মাদ সেলিম

ভারতের পশ্চিমবঙ্গে সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য মুহাম্মদ সেলিম বলেছেন, ‘বিজেপি হলো তৃণমূলের প্রাণভোমরা। একে অপরের পরিপূরক।' লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (রোববার) তিনি বসিরহাটে নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। 

যারা রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে হটাতে বিজেপি’র হাত ধরার কথা ভাবছেন তাদের সম্পর্কে সতর্ক করে দিয়ে মুহাম্মদ সেলিম বলেন, ‘অনেকে ভাবছেন রাজ্যে বিজেপিকে এনে তৃণমূলকে তাড়াবেন। তাতে সর্বনাশ হয়ে যাবে! আপনারা ত্রিপুরা ও উত্তর প্রদেশের দিকে দেখুন। সেখানে দলিতদের ওপরে, মুসলিমদের ওপরে কী অত্যাচার নামিয়ে আনছে। বিজেপি'র বিরুদ্ধে কথা বললে তাকে ‘দেশদ্রোহী’ বলছে। আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ‘মাওবাদী’, ‘নকশাল’ বলে জেলে ঢুকিয়ে দিচ্ছে! এদের দু’জনের সিলেবাসই এক।’

‘লাল ঝান্ডা’ই মুক্তির একমাত্র পথ বলে উল্লেখ করে তৃণমূল ও বিজেপি’র সমালোচনায় মুহাম্মদ সেলিম বলেন, ‘মোদির গুজরাটবাসী ভাই-বন্ধু-আত্মীয়রা ১৪ লাখ কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল! শ্রমিক আজ অথৈজলে। ওদের নীতিটাই মানুষ মারা। দিদি-মোদি (মমতা-মোদি) মুদ্রার এপিঠ ওপিঠ। দেশের মানুষকে বোকা বানাচ্ছে! ঘাসফুল (তৃণমূলের প্রতীক) আর পদ্মফুল (বিজেপি’র প্রতীক) কেউ কাউকে আটকাবে না। উভয়ে মিলে বাংলার মানুষকে ‘এপ্রিল ফুল’ বানাচ্ছে! আপনাদেরকে এর জবাব দিতে হবে। ভোটের দিন মেরুদণ্ড সোজা রেখে চোখে চোখ রেখে ভোট লুট রুখে দিন।’

তিনি নিজ নির্বাচনি কেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, রায়গঞ্জে ভোট লুট করতে দিইনি। আপনারা বসিরহাটে ভোট লুট করতে দেবেন না। কাস্তেটাতে শান দিয়ে রাখুন।’

জানকবুল লড়াই করে দেখিয়ে দিন তেভাগার মাটিতে, খাদ্য আন্দোলনের মাটিতে ‘দিদি-মোদি’র কোনো জায়গা নেই বলেও সিপিএম নেতা মুহাম্মদ সেলিম মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩