সিপিএম ও বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ: মমতা
https://parstoday.ir/bn/news/india-i70357-সিপিএম_ও_বিজেপি_একই_মুদ্রার_এপিঠ_ওপিঠ_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম ও বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের নামখানায় দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৩, ২০১৯ ১৪:২২ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএম ও বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে হবে। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের নামখানায় দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

মমতা কেন্দ্রীয় বিজেপি সরকার সম্পর্কে বলেন, ‘ওরা রাজ্যের কোনো খোঁজ রাখে না। দেখতে আসে না। অর্থ দেয় না। মুড়িগঙ্গার ব্রিজ দেয় না, গঙ্গা সাগরের মেলায় এক পয়সা দেয় না। শুধু বড় বড় কথা, নির্বাচনের সময় শুধু ভোট দাও! একটা ভোটও ওদের কেউ দেবেন না। ভোট দেবেন না, ‘কচু’ দেবেন। আর একটা সিপিএম দল ৩৪  বছর ধরে শুধু অত্যাচার করেছে, মানুষ মেরেছে, খুন করেছে। আজকে রাস্তা দেখতে পাচ্ছেন, উন্নয়ন দেখতে পাচ্ছেন। সিপিএমের ৩৪ বছরে হয়নি কেন? সুতরাং সিপিএম ও বিজেপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। ’

মমতা বলেন, ‘মানুষকে ভালো থাকতে হলে বিজেপি সরকারকে উৎখাত করতে হবে। সিপিএমকে ভোট দিয়ে দয়া করে বিজেপির হাত শক্তিশালী করবেন না। আর বিজেপিকে ভোট দিয়ে ভারত ভাঙার খেলায় ওরা যে ষড়যন্ত্র করছে তাতে আমরা যেন না যাই।’

তিনি বলেন, ‘একটা ছোট ছেলে কাঁচের গ্লাস ভাঙলে আমরা তাকে বকাবকি করি। আর একটা বুড়ো খোকা দেশ ভাঙলে আমরা কী করি? আমরা তাদের দেশ থেকে ভোটের মাধ্যমে উৎখাত করতে পারি। এর আগেরবার বলেছিল আচ্ছে দিন (সুদিন) নিয়ে আসব। কিন্তু আচ্ছে দিনের নামে রান্নার গ্যাসের দাম চারশ’ থেকে আটশ’  টাকা বড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদি। ডিজেল ও পেট্রলের দাম বাড়িয়েছে। সবাইকে বেকার করে দিয়েছে। কত সংখ্যালঘু ভাইবোনেদের খুন করেছে। তপশিলি ও সাধারণ মা-ভাই-বোনেদের খুন করেছে। কত অত্যাচার করেছে। পুলিশ ও সাংবাদিকদের পর্যন্ত খুন করেছে।’

মমতা এদিন তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার পাশাপাশি সিপিএম ও বিজেপিকে গণতন্ত্রের কবর দেয়ার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩