সিপিএম ও কংগ্রেস বিজেপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে: ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/india-i70391-সিপিএম_ও_কংগ্রেস_বিজেপিকে_ক্ষমতায়_আনতে_চাচ্ছে_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "এ রাজ্যে ‘মীরজাফর’ হল সিপিএম ও কংগ্রেস, ওরা বিজেপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে।" লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) বসিরহাটে দলীয় প্রার্থী নুসরত জাহানের সমর্থনে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।   
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ১৪, ২০১৯ ১৬:১০ Asia/Dhaka
  • (বামে) কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম
    (বামে) কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "এ রাজ্যে ‘মীরজাফর’ হল সিপিএম ও কংগ্রেস, ওরা বিজেপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে।" লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) বসিরহাটে দলীয় প্রার্থী নুসরত জাহানের সমর্থনে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।   

ফিরহাদ হাকিম বলেন, "মোদির বিরুদ্ধে প্রথম আন্দোলন গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। এরপরে এখন অখিলেশজি, মায়াবতীজি, স্ট্যালিন, নবীন পট্টনায়েক সবাইমিলে মোদি হটানোর কথা বলছেন। সেজন্য আপনারা দেখছেন মমতা বন্দোপাধ্যায়কে শেষ করতে বারবার মোদি বাংলায় আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তাঁর ভারত দখল করার স্বপ্ন পূরণ হবে না। সবাইকে বশ করতে পারলেও মমতাকে বশ করা যাবে না। সেজন্য ‘মমতা হঠাও বাংলা বাঁচাও’ বলতে এসেছে মোদি। সেই একই কথা সিপিএমও বলছে, কংগ্রেসও বলছে। আমি আপনাদের কাছে জানতে চাই মমতা চলে গেলে কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসতে পারবে? সিপিএম পারবে? পারবে না। তাহলে মমতা চলে গেলে কে আসবে? বিজেপি আসবে। যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশের  মতো এই রাজ্য পরিণত হবে!"

ফিরহাদ হাকিম বলেন, ‘সিরাজদ্দৌলা জানত ইংরেজ তাঁর শত্রু সামনে রয়েছে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে আসল শত্রু ‘মীরজাফর’ পিছন দিক থেকে ছুরি মারবে। সেজন্য কংগ্রেস ও সিপিএম হচ্ছে এই রাজ্যের ‘মীরজাফর’। মমতাকে প্রতিহত করে এখানে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আনার চেষ্টা করছে কংগ্রেস ও সিপিএম।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু  মুসলিম, অনগ্রসর, পিছিয়ে পড়া শ্রেণির মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করছেন বলেও মন্ত্রী ফিরহাদ হাকিম উল্লেখ করেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪