বিজেপি তিনশ’র বেশি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় আসবে: মোদি
https://parstoday.ir/bn/news/india-i70413-বিজেপি_তিনশ’র_বেশি_আসনে_জয়ী_হয়ে_পুনরায়_ক্ষমতায়_আসবে_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি তিনশ’র বেশি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় আসবে। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের বসিরহাটে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ১৫, ২০১৯ ১৪:৫৩ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি (ফাইল ফটো)
    নরেন্দ্র মোদি (ফাইল ফটো)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি তিনশ’র বেশি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় আসবে। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) পশ্চিমবঙ্গের বসিরহাটে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় বিজেপি কর্মীরা খুন হচ্ছেন। মানুষ ভয়ে ভয়ে আছেন দিদির সহিংসতায়। মোদি ঝড়ে দিদি ঘাবড়ে গেছেন। সহিংসতা সৃষ্টি করে মানুষকে চমকাতে চাচ্ছেন। বাংলায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বাংলার মানুষকে শান্তিতে থাকার ব্যবস্থা করতে হবে।’

কোলকাতায় বিদ্যাসাগরের ভাস্কর্য ভাঙা ও গোলযোগ প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গতকালের ঘটনা নিয়ে গোটা দেশে আলোচনা হচ্ছে। মমতা দিদি বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো। ২৪ ঘণ্টার মধ্যে তীব্র প্রতিফলন দেখা দিলো। দিদি, আপনার অহংকার দেখে জনতা আপনাকে ক্ষমতাচ্যুত করবে। দিদি, সেবা দিয়ে ক্ষমতায় আসতে হয়। কিন্তু, আপনিতো জনতা আর ক্ষমতাকে গোলাম করে রাখতে চাচ্ছেন। জনতা আপনাকে ক্ষমা করবে না। আপনার দিন ফুরিয়ে আসতে চলেছে। দিদি, আপনি লিখে রেখে দিন, বিজেপি তিনশ’র বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে।’

তিনি বলেন, ‘দিদি বলছেন, ভারতের প্রধানমন্ত্রীকে মানি না। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানেন। আপনারা কি দিদিকে ক্ষমা করবেন? সাজা দেবেন না? যাদের আপনি জেলে পুরছেন, তারাই আপনাকে ক্ষমতাচ্যুত করবে।’

তিনি এদিন, তৃণমূলকে ছুঁড়ে ফেলতে, দিদিকে উচিত শিক্ষা দিতে বিজেপিকে ভোট দেয়ার আহ্বান জানান।

অন্যদিকে, আজ বিজেপির ফায়ারব্রান্ড নেতা ও উত্তর প্রদেশেরর মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ পশ্চিমবঙ্গে এক নির্বাচনি সমাবেশে বলেছেন, তিথি অনুযায়ী দুর্গাপুজোর সময় পেছানো যাবে না। কিন্তু প্রয়োজন হলে মহররমের শোক র‍্যালি বেরোনোর সময়  পরিবর্তন করতে হবে। পুজো এবং মহররম একই সময়ে পড়ায় উত্তর প্রদেশে তিনি এভাবে সমস্যার সমাধান করেছিলেন বলেও যোগি আদিত্যনাথ বলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।