'গুজরাট মডেল' চূড়ান্ত ব্যর্থ, হেরে নতুন ইতিহাস গড়বেন মোদি: মায়াবতী
-
বিএসপি প্রধান মায়াবতী
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপি প্রধান মায়াবতী বলেছেন, মোদির গুজরাট মডেল চূড়ান্তভাবে ব্যর্থ। তিনি এবার হেরে নয়া ইতিহাস রচনা করবেন। মায়াবতী আজ (শনিবার) গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ওই মন্তব্য করেন।
মায়াবতী বলেন, ২০১৪ সালে যেভাবে উত্তর প্রদেশের বারাণসী থেকে বিপুল ভোটে জয়ী হয়ে মোদি ইতিহাস সৃষ্টি করেছিলেন, এবার তার চেয়েও বেশি ভোটে হেরে নতুন ইতিহাস গড়বেন মোদি। উত্তর প্রদেশের বারাণসীতে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল (রোববার) সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই প্রধানমন্ত্রী হেরে গিয়ে ইতিহাস গড়বেন বলে মন্তব্য করলেন মায়াবতী।
মায়াবতী বলেন, ‘উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের চরম দারিদ্র, বেকারত্ব ও পিছিয়ে পড়া সমাজের উন্নতিতে প্রধানমন্ত্রীর মোদির ‘গুজরাট মডেল’ চূড়ান্তভাবে ব্যর্থ। এটা সম্পূর্ণ ব্যর্থতা। উন্নয়নের পরিবর্তে মোদি–যোগি ডবল ইঞ্জিনের সরকার শুধু সাম্প্রদায়িক হানাহানি, বিদ্বেষ ও সহিংসতা ছড়িয়েছে দেশে। এই বিশ্বাসঘাতকতা হয়েছে পূর্বাঞ্চলের মানুষের সঙ্গে যখন প্রধানমন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দুজনেই এই এলাকার প্রতিনিধিত্ব করছেন।’
মায়াবতী বলেন, গোরক্ষপুর যোগিকে প্রত্যাখ্যান করেছে। তাহলে কী ১৯৭৭ সালের রায়বেরিলির ইতিহাসের পুনরাবৃত্তি হবে? ১৯৭৭ সালে জরুরি অবস্থার পরের নির্বাচনে ইন্দিরা গান্ধীকে এক সাধারণ নেতা জয়প্রকাশ নারায়ণ পরাজিত করেছিলেন। মায়াবতী সেই প্রসঙ্গ উল্লেখ করতে চেয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক আজ (শনিবার) রেডিও তেহরানকে বলেন, ‘ভারতে মোদি-অমিত শাহের বাহিনী প্রত্যাখ্যাত। ১৯৭৭ সালের মতো আমরা অপেক্ষা করছি আমরা দেখব মোদির পরাজয়ের খবর দেখার জন্য ভারতবর্ষ অপেক্ষা করছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই মায়াবতী যে কথা বলেছেন তার সঙ্গে অনেকটাই একমত আমরা। যদি ইভিএমে ব্যাপক কারচুপি না হয় তাহলে মোদিবাহিনী বিপুল ভোটে ভারতে পরাজিত হতে চলেছে। ২৩ মে সেই পরাজয়ের খবর বেলা ১২ টার মধ্যেই গোটা ভারতবর্ষ জেনে যাবে।’ আগেমী ২৩ মে ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮