বিজেপি ফের ক্ষমতায় এলে গ্রাম ছাড়তে পারেন উত্তর প্রদেশের নয়াবাঁসের মুসলিমরা
https://parstoday.ir/bn/news/india-i70617-বিজেপি_ফের_ক্ষমতায়_এলে_গ্রাম_ছাড়তে_পারেন_উত্তর_প্রদেশের_নয়াবাঁসের_মুসলিমরা
ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি পুনরায় কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন হলে উত্তর প্রদেশের বুলন্দশহরের নয়াবাঁস অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষজন গ্রাম ছাড়ার কথা ভাবছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২৩, ২০১৯ ০৭:৩০ Asia/Dhaka
  • আতঙ্কে মুসলিমরা
    আতঙ্কে মুসলিমরা

ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি পুনরায় কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন হলে উত্তর প্রদেশের বুলন্দশহরের নয়াবাঁস অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষজন গ্রাম ছাড়ার কথা ভাবছেন।

ওই এলাকার বাসিন্দা গুলফাম আলীর মতে, ২০১৪ সালে ভারতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। রাজ্যে ক্ষমতায় আসেন যোগি আদিত্যনাথ। হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টির অন্যতম রূপকার এরা দু’জন। দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করাই মূল লক্ষ্য তাদের।

তিনি বলেন,  আগে সুখে দুঃখে সবাই একে অন্যের পাশে থাকতাম। কিন্তু বর্তমানে চারপাশ কেমন বদলে গেছে। এই ভয়ের বাতাবরণে এলাকায় বাস করাও মুশকিল হয়ে উঠছে তাদের পক্ষে। কিন্তু চাইলেই তো অন্যত্র চলে যাওয়া যায় না। আতঙ্কে দিন কাটছে তাদের। সেজন্য পুনরায় যদি কেন্দ্রীয় সরকারে বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাসা পরিবর্তনের কথা ভেবেছেন মুসলিমরা।

গুলফাম আলী বলেন, গত ২ বছরে কমপক্ষে এক ডজন মুসলিম পরিবার গ্রাম ছেড়ে গেছেন। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে উত্তর প্রদেশের বুলন্দশহরের ওই এলাকায় হিন্দুরা অভিযোগ করেছিলেন তারা কিছু মুসলিমকে গরু জবাই করতে দেখেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিবাদের ফলে একদল ক্ষুব্ধ জনতা এক  পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছিল।

বুলন্দশহরের নয়াবাঁস এলাকায় চার হাজারের বেশি মানুষের বাস। এরমধ্যে চারশ’ মুসলিম পরিবার বাস করেন।

বিজেপির মুখপাত্র গোপালকৃষ্ণ অগ্রওয়ালের অবশ্য দাবি, তাদের সরকারের আমলে কোনো দাঙ্গা হয়নি। অপরাধমূলক কাজকর্মকে হিন্দু-মুসলিম ইস্যু হিসেবে দেখা ভুল।

নয়াবাঁস এলাকায় মসজিদ বানানোর সময় ১৯৭৭ সালে দাঙ্গার ঘটনায় ২ জন নিহত হয়েছিলেন। তা সত্ত্বেও দীর্ঘ ৪০ বছর ধরে তারা যৌথভাবে সহাবস্থান করে আসছেন।

মুসলিমদের অভিযোগ, ২০১৭ সালে রমজান মাসে হিন্দুরা মাদ্রাসায় মাইকের ব্যবহার না করার দাবি তোলায় অনিচ্ছা সত্ত্বেও তারা মাইক ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন।

মুহাম্মদ নামে এক ব্যক্তি বলেন, ভীত নই কিন্তু মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এলে মানুষ দুর্ভোগে পড়বে।

জব্বার আলী নামে এক ব্যক্তির আশঙ্কা, যদি মোদি সরকার পুনরায় ক্ষমতায় আসে এবং উত্তর প্রদেশে যোগির শাসন চলে তাহলে সম্ভবত মুসলিমদের এখান থেকে বেরোতে হবে। যদিও কোনো কোনো মুসলিম ব্যক্তি গ্রামে থাকার কথাও বলেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।