ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, বিজেপি এগিয়ে
https://parstoday.ir/bn/news/india-i70619-ভারতে_লোকসভা_নির্বাচনের_ভোট_গণনা_চলছে_বিজেপি_এগিয়ে
ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম দেড় ঘণ্টার ভোট গণনার পর দেখা গেছে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোট ৩২৮টিতে এগিয়ে আছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে আছে ১০৬টি আসনে। বাকি আসনগুলোয় এগিয়ে আছে অন্যান্য দল। পশ্চিমবঙ্গে তৃণমূল ২৫, বিজেপি ১৬ এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৩, ২০১৯ ০৭:৪৯ Asia/Dhaka
  • ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, বিজেপি এগিয়ে

ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম দেড় ঘণ্টার ভোট গণনার পর দেখা গেছে ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোট ৩২৮টিতে এগিয়ে আছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে আছে ১০৬টি আসনে। বাকি আসনগুলোয় এগিয়ে আছে অন্যান্য দল। পশ্চিমবঙ্গে তৃণমূল ২৫, বিজেপি ১৬ এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে।

আজ (বৃহস্পতিবার) ভোট গণনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে সহিংসতার আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা অবলম্বন করেছে। সমস্ত রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিপকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশগুলোতে আইনশৃঙ্খলা ও জনসাধারণের মধ্যে শান্তি অক্ষুণ্ণ রাখতে বলেছে।

এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো জানতে পেরেছে  যে, কয়েকটি সংগঠন ও ব্যক্তি উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরাতে এমন কিছু বিবৃতি দিয়েছেন, যার ফলে সহিংসতা সৃষ্টি হতে পারে এবং ভোট গণনা বাধাগ্রস্ত হতে পারে।

পশ্চিমবঙ্গে ৫৮টি গণনাকেন্দ্রের প্রহরার জন্য মোতায়েন ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ফলপ্রকাশের পরে সহিংসতা  রুখতে আরও দুইশ’ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

ভারতে ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ৫৪২ টি আসনে ভোট হয়েছে। একটি আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ৫৪২ টি আসনের জন্য আট হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে লড়েছেন যাদের ভাগ্য আজ নির্ধারিত হবে ভোট গণনা শেষ হওয়ার পরে। লোকসভা নির্বাচনে এই প্রথম ইভিএমের ভোট যাচাই করতে ভিভিপ্যাট গণনার ব্যবস্থা রাখা হয়েছে। এরফলে নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব হতে পারে।

নির্বাচন কমিশন সূত্রের খবর,  ভোট গণনার ফলের ‘ট্রেন্ড’ বোঝা যাবে দুপুর থেকে। বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ইভিএম গণনা শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণা হতে রাত গড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ, ইভিএমে ভোট গোনার পরে বিধানসভা কেন্দ্রপিছু পাঁচটি করে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-এর স্লিপ গুণে সংশ্লিষ্ট ইভিএমের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ভিভিপ্যাটের ফলের সঙ্গে ইভিএমের ফল যদি না মেলে তাহলে ভিভিপ্যাটের ফলকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এক্ষেত্রে আনুষ্ঠানিক ফল ঘোষণা হতে বৃহস্পতিবার মধ্যরাত অথবা শুক্রবারের ভোরও হতে পারে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা অনুমান করছেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩