লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে ২ থেকে বেড়ে বিজেপির ১৮ আসনের নেপথ্যে
ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়ী হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে এবার তারা অত্যন্ত ভালো ফল করেছে। সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভার ৫৪২ আসনের মধ্যে বিজেপি ৩০৩ আসনে জয়ী হয়েছে। প্রধান বিরোধীদল কংগ্রেস মাত্র ৫২ আসনে জয়ী হয়েছে।
পশ্চিমবঙ্গে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র ২ টি আসন পেলেও এবার একলাফে তা বেড়ে ১৮ হয়েছে। ২০১৪ সালে তৃণমূল ৩৯.০৫ শতাংশ ভোট পাওয়ায় তারা ৩৪টি আসন পেয়েছিল। বিজেপি ১৭.০২ শতাংশ ভোট পাওয়ায় তারা মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে, বামফ্রন্ট দুটি এবং চারটি কেন্দ্রে জিতেছিল কংগ্রেস।
এবারের নির্বাচনে অবশ্য রাজ্যে তৃণমূল মাত্র ২২টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, সিপিএম একটি আসনও পায়নি। কংগ্রেস মাত্র দুটি আসন পেয়েছে। এক্ষেত্রে সিপিএম ও কংগ্রেসের একাংশের ভোট বিজেপিতে গেছে। সিপিএম ও কংগ্রেস এভাবে কার্যত অস্তিত্বহীনতায় ভুগতে বসায় ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে বিজেপির সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল ৪৩ শতাংশ ভোট পেলেও বিজেপি ৪০ শতাংশ ভোট পেতে সমর্থ হয়েছে। এরফলে রাজ্যে তাদের ভিত যথেষ্ট শক্তিশালী হল।
২০১৬ সালের বিধানসভার চেয়ে এবারের লোকসভায় তৃণমূলের ভোট প্রায় ২ শতাংশ কমেছে। অন্যদিকে, বিজেপির ভোট বেড়েছে ৩০ শতাংশ।
রাজ্যে বিজেপির সফল হওয়ার নেপথ্যে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তাদের নেতাদের একাংশের ঔদ্ধত্য আচরণ ইত্যাদির পাশাপাশি ধর্মীয় মেরুকরণ বিশেষভাবে কাজ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তৃণমূলের পক্ষে যা বড় ধাক্কা।
কয়েকজন তৃণমূল নেতা আগেই বিজেপিতে যোগ দেয়ায় তৃণমূল কিছুটা দুর্বল হয়েছিল। কিন্তু এবার তৃণমূল বিধায়কদের একাংশ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যা তৃণমূলের পক্ষে অত্যন্ত খারাপ সঙ্কেত। বিজেপির শীর্ষনেতারা এরইমধ্যে বলে দিয়েছেন কমপক্ষে ৫০ জন তৃণমূল বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। যদি বিজেপির ওই প্রচেষ্টা অর্থাৎ দল ভাঙানোর কৌশল সফল হয় তাহলে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষে তা গুরুতর সঙ্কটের কারণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।