নদিয়ায় যুবক খুন: প্রতিবাদে বিজেপির রেল ও সড়ক অবরোধ
-
সন্তু ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদায় সন্তু ঘোষ নামে এক যুবককে গুলি করে হত্যার প্রতিবাদে রেল ও সড়ক অবরোধ করেছে বিজেপি। এতে মানুষজন ব্যাপক দুর্ভোগে পড়েন। বিজেপির অভিযোগ, ওই হত্যার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। যদিও তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করেছে।
এ ব্যাপারে আজ (শনিবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘যেখানে ওরা হেরে যাচ্ছে সেখানে আর কোনো রাস্তা না পেয়ে খুন-খারাপিতে চলে যাচ্ছে। আমাদের কর্মীদের মারা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে। পুলিশ এ ব্যাপারে নিষ্ক্রিয় রয়েছে। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তাদেরকে আটকে দেয়া হচ্ছে। সবার সামনে গুলি করেছে। ওখানকার বিধায়কের ডান হাত-বাঁ হাত সব গুণ্ডারা। এটা চলবে কিছুদিন। কিন্তু এটাও ঠিক যে একতরফা চলবে না। আমরাও প্রতিরোধ করছি। খুন-খারাপি, গুলি-গোলার রাজনীতি বন্ধ হওয়ার দরকার আছে। সরকার ও পুলিশের দায়িত্ব নেয়া উচিত। অন্যথায় আমরা যদি শুরু করি তাহলে তা আর হাতের মধ্যে থাকবে না। কেউ সামলাতে পারবে না। সন্তু আমাদের দলের সাধারণ কর্মী ছিল। নির্বাচনে সে খুব খেটেছে, সেজন্য তাকে টার্গেট করা হয়েছে।’
আজ (শনিবার) অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সকাল থেকে চাকদা ও শিমুরালি স্টেশনে রেল অবরোধ করেন বিজেপি কর্মীর-সমর্থকরা। এছাড়া তারা জাতীয় সড়কও অবরোধ করেন। রেল অবরোধের জেরে কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়লে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশে অবরোধ উঠে যায়।
গতকাল (শুক্রবার) দিবাগত রাতে নদিয়ার চাকদার ১৯নং ওয়ার্ড এলাকায় সন্তু ঘোষ নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি মাঠের মধ্যে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই ঘটনায় গতকাল রাত থেকে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি সমর্থকরা গভীর রাতে চাকদা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিজেপির পক্ষ থেকে ওই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে বলা হয় নিহত সন্তু ঘোষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।