পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা, পুলিশের লাঠিচার্জ
ভারতের পশ্চিমবঙ্গে 'জয় শ্রীরাম' ধ্বনি দেয়া বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। আজ (শনিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সরাতে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ও একপর্যায়ে পুলিশকে লাঠি নিয়ে তেড়ে যেতে হয়।
রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আগামী ১৪ জুন কাঁচরাপাড়ায় মুখ্যমন্ত্রী আসবেন দলীয় কর্মীসভায়। তার আগে প্রস্তুতি সভা করা হল। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেয়া বিধায়ক শুভ্রাংশু রায়কে বাচ্চা ছেলে, এখনও পরিপক্কতা আসেনি, জিভের আড় কাটেনি বলে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় বাবু। তিনি বলেন, ‘ও ২০১৯ সাল দেখছে। ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ দেখতে পাচ্ছে না। ওটা দেখলে বুঝতে পারবে কত ধানে কত চাল!’
আজ তৃণমূলের সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় কাঁচরাপাড়ায়। তৃণমূলের বৈঠক চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। 'জয় শ্রী রাম' স্লোগান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে তৃণমূল নেতা সুজিত বসু বলেন, সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করলে পুলিশ পুলিশের মত পদক্ষেপ নেবে।
আজ তৃণমূল নেতারা কাঁচরাপাড়ায় দলীয় কার্যালয়ে বৈঠক শুরু করতেই উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের দাবি ওই কার্যালয়টি শুভ্রাংশু রায়ের নামে। কার্যালয়ের বিদ্যুতের বিলও তার নামে সেজন্য ওই কার্যালয়টি বিজেপির। গত মঙ্গলবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভ্রাংশু রায়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১