কোলকাতায় বিজেপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিল পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে দলীয় কর্মী হত্যার প্রতিবাদে ও রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপির বিক্ষোভ মিছিল হয়েছে। আজ (বুধবার) ব্যারিকেড ভেঙে ওই মিছিল কোলকাতা পুলিশের সদর দফতর লাল বাজারের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ পানি কামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তা ব্যর্থ করে দিয়েছে। বিজেপি নেতা ও এমপি অর্জুন সিং অবশ্য লাল বাজার অভিযান সফল হয়েছে বলে দাবি করেছেন।
আজ রাজ্য বিজেপির শীর্ষ নেতা ও দলীয় এমপিদের উপস্থিতিতে লালবাজার অভিযান নাম দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন দুপুরে কয়েক হাজার বিজেপি সমর্থক লাল বাজারের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি ও হাতাহাতি হয়।

এদিন বেলা একটা নাগাদ বিজেপির দুই নারী সমর্থক আচমকা পুলিশি বেড়াজাল পেরিয়ে ‘জয় শ্রীরাম’, শ্লোগান দিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে সড়কের উপরে শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করলে নারী পুলিশের একটি দল দ্রুত তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে যায়।
আজ তিন হাজার পুলিশ, ‘র্যাফ’ ও কমব্যাট ফোর্স ওই বিক্ষোভ মোকাবিলা করতে মাঠে নামে। পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সড়কে বেশ কয়েকটি জায়গায় লোহার রেলিং দিয়ে ব্যারিকেড করা হয়। ড্রোনের সাহায্যে চালানো হয় বিশেষ নজরদারি। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয় পানি কামান ও অন্যান্য ব্যবস্থাপনা রাখা হয়।

আজ দুপুর ১টা ৩০ নাগাদ বিজেপি কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে। বেলা ১ টা ৪০ নাগাদ দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। এসময় পুলিশের পক্ষ থেকে পানি কামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা হয়। যদিও তাতে বিশেষ কাজ না হওয়ায় অবশেষ পরপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিজেপি কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিভিন্ন স্থানে বিজেপি নেতারা সড়কের উপরে বসে ধর্না-অবস্থানে বসেন। সেখান থেকে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেন।
রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘বিজেপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের যে হামলা হয়েছে তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে।’ পুলিশকে ‘দলদাস’ হিসেবে ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বর চাঁপা দেয়ার চেষ্টা হচ্ছে। পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো যাবে না বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১২