এনআরসি এনে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করব: অমিত শাহ
-
রাজ্যসভায় অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এনআরসি এনে আমরা অনুপ্রবেশকারীদের বেছে বেছে বহিষ্কার করব। তিনি আজ (মঙ্গলবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
অমিত শাহ বলেন, ‘দেশে অনুপ্রবেশ প্রতিহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু শরণার্থীদের জন্য সরকার দায়বদ্ধ। আমরা নাগরিকত্ব সংশোধনী বিল এনে সমস্ত হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দিতে চলেছি।’
ভারতের বিজেপিশাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নবায়ন প্রক্রিয়ায় প্রথম দফায় ৪০ লাখেরও বেশি মানুষের নাম বাদ পড়ায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তীতে আরও এক লাখেরও বেশি মানুষের নাম এনআরসি থেকে বাদ পড়ায় রাজ্যটিতে এনআরসিজনিত সমস্যা আরও প্রকট হয়েছে।
এ ব্যাপারে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের (আমসু) মুখ্য উপদেষ্টা আজিজুর রহমান আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, ‘অনুপ্রবেশকারী বা বিদেশির কোনও ধর্ম থাকতে পারে না। যারা বিদেশি, তাঁরা বিদেশিই। ধর্মের ভিত্তিতে যারা বিদেশি তাদেরকে নাগরিকত্ব দেয়া, অন্য ধর্মের যারা তাদেরকে বিতাড়িত করা হবে, এরকম হলে এটা উচিত হবে না। তাহলে সংবিধানকে অবমাননা করা হবে।’
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দল (বিজেপি) সংসদে এখন মজবুত অবস্থায় রয়েছে। ওনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। ওনারা ইচ্ছা করলে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করাতে পারবেন। এরকম বিল পাস করালে ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন চিহ্ন এসে যাবে। কেউ যদি হিন্দু ধর্মের নাম নিয়ে শরণার্থী হিসেবে ঢুকে, স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছেন তাঁরা হিন্দুদের জন্য দায়বদ্ধ, এখন কেউ যদি খারাপ মনোভাব নিয়ে আসে তাহলে তো ভারতের সার্বভৌমত্ব বড় প্রশ্নের মুখে পড়বে।’
অমিত শাহকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান ‘আমসু’ আহ্বায়ক আজিজুর রহমান। #
পার্সটুডে/এমএএইচ/এআর/২