উত্তর প্রদেশ সরকার সোনভদ্রের হত্যাকাণ্ডে দোষীদের আড়াল করছে: কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i72101-উত্তর_প্রদেশ_সরকার_সোনভদ্রের_হত্যাকাণ্ডে_দোষীদের_আড়াল_করছে_কংগ্রেস
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস উত্তর প্রদেশের সোনভদ্রের হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের প্রতি বিজেপি সহানুভূতিশীল বলে মন্তব্য করেছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২০, ২০১৯ ১৩:০৯ Asia/Dhaka
  • রণদীপ সূর্যেওয়ালা
    রণদীপ সূর্যেওয়ালা

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস উত্তর প্রদেশের সোনভদ্রের হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের প্রতি বিজেপি সহানুভূতিশীল বলে মন্তব্য করেছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে রণদীপ সূর্যেওয়ালা বলেন, ‘সোনভদ্রে আদিবাসী কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার অপরাধীদের সঙ্গে ষড়যন্ত্র রচনা করেছে। বিজেপি সরকার আদিবাসীদের জমি দখল করাতে চেয়েছিল।

গত (বুধবার) উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় জমি বিবাদের জেরে গ্রামপ্রধান যজ্ঞ দত্ত ও তার সঙ্গীরা আগ্নেয়াস্ত্র বের করে স্থানীয় গ্রামবাসীদের উপরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে তিন নারীসহ ১০ জন নিহত হন। গ্রাম প্রধান ৯০ বিঘার একটি জমির দখল নিতে গেলে বাসিন্দারা বাধা দেন। এরপরেই গ্রামপ্রধানের দলবল নিরস্ত্র গ্রামবাসীদের উপরে হামলা চালায়।

এ প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা আজ বলেন, ‘যদি এটা আদিত্যনাথ সরকারের (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ) ষড়যন্ত্র না হয়, তাহলে কী এটা? সত্য এটাই যে বিজেপি সরকার অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট। এবং তাদের রক্ষা করছে।’ 

তিনি বলেন, ‘সোনভদ্র গণহত্যার ঘটনায় দোষীদের সাজা দেয়ার পরিবর্তে গোটা উভা গ্রাম পুলিশ ছাউনিতে পরিণত করে গ্রামের ভিতরে ও বাইরে যাওয়ার উপরে পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করে বিজেপি সরকার কী প্রমাণ করতে চাচ্ছে? তারা কী অপরাধীদের সঙ্গে, দোষীদের সঙ্গে আছেন, না ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছেন?’

তিনি বলেন, আদিত্যনাথ সরকার কোন আইনের বলে গত ২৪ ঘণ্টা আগে থেকে শ্রীমতি প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেফতার করেছিল?

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার প্রশ্ন- আদিত্যনাথজি শ্রীমতি প্রিয়ঙ্কা গান্ধীর ভয়ে এত ভীত এবং ঘাবড়াচ্ছেন কেন? বিজেপি প্রিয়ঙ্কা গান্ধীর ভয়ে এত ভীত কেন?’

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সোনভদ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে প্রশাসনিক কর্তৃপক্ষ ১৪৪ ধারা থাকায় গতকাল থেকে সেখানে যেতে দেয়নি। পরে তাকে একটি গেস্ট হাউসে আটক করে রাখা হয়।

উত্তর প্রদেশে প্রত্যেকদিন হত্যা, নারী ও দলিতদের প্রতি অত্যাচার হচ্ছে বলে প্রিয়াঙ্কা গান্ধী আজ মন্তব্য করেন। এজন্য যারা প্রশাসনিক ক্ষমতায় রয়েছে তারাই দায়ী এবং তারা এসবের দায়িত্ব না নেয়ায় রাজ্যে অরাজকতা বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে সোনভদ্রে হত্যাকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করাসহ ক্ষতিগ্রস্ত পরিবার পিছু পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়েছে।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/২০