বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব: বিজেপির উদ্দেশে মমতা
https://parstoday.ir/bn/news/india-i72133-বাংলা_মাথানত_করবে_না_ইঞ্চিতে_ইঞ্চিতে_বুঝে_নেব_বিজেপির_উদ্দেশে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেছেন, বিজেপি জেনে রাখো এই বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় কর্মসূচিতে বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২১, ২০১৯ ১৩:৩৮ Asia/Dhaka
  • কোলকাতায় বিশাল জনসমাবেশে  মমতা বন্দ্যোপাধ্যায়
    কোলকাতায় বিশাল জনসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেছেন, বিজেপি জেনে রাখো এই বাংলা মাথানত করবে না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় কর্মসূচিতে বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।  

মমতা এদিন, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন। কোলকাতায় কিছুদিন আগে বিদ্যাসাগরের ভাস্কর্য ভাঙার প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। রবীন্দ্রনাথের গায়ে হাত দেবে না, বিদ্যাসাগরের গায়ে হাত দেবে না, রামমোহনের গায়ে হাত দেবে না, বীরসা মুন্ডার গায়ে হাত দেবে না, মৌলানার (মাওলানা আবুল কালাম আজাদ) গায়ে হাত দেবে না, গান্ধীজির গায়ে হাত দেবে না, আম্বেদকরের গায়ে হাত দেবে না। অন্যথায় আমরা কিন্তু সবচেয়ে বিপজ্জনক ডেঞ্জার লেভেল অতিক্রম করে যাব। এটা মনে রাখবেন।’   

মমতা বলেন, ‘আগে বাংলার সভ্যতা শেখো, বাংলার সংস্কৃতি জানো, বাংলাকে ভালোবাসো তারপরে বিজেপির কমরেডরা বাংলা দখল করতে এসো।’

বিজেপির দুর্নীতি প্রসঙ্গে মমতা এক বিজেপি নেতাকে ইঙ্গিত করে তাকে ‘গামছা বাবু’ বলে সম্বোধন করেন এবং উজালা গ্যাস সংযোগ, পেট্রোল পাম্প দেয়ার নামে টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি ‘চোরের মায়ের বড় গলা’ বলেও বিজেপির ওই নেতাকে কটাক্ষ করেন।

মমতা এদিন কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশ্যে ইভিএমে (ইলেকট্রনিক ভোট যন্ত্র) কারচুপির উল্লেখ করে বলেন, ‘যে আসন পাবে বলেছিল ওরা তাই পেল। অংকটা মিলে গেল কীভাবে? কীভাবে তা সম্ভব হল? সেজন্য আমরা ইভিএম চাই না, ব্যালট পেপার চাই। ব্যালট আমাদের ফিরিয়ে দাও। আমাদের সরকারের যত স্থানীয় নির্বাচন হবে আমরা রাজ্যের নির্বাচন কমিশনকে বলব আপনারা ব্যালটে করুন।’

এ প্রসঙ্গে মমতা বলেন, আমেরিকার মত বড় রাষ্ট্রে কেন ইভিএমে ভোট হয় না? ইউকেতে কেন হয় না? ইউরোপিয়ান কান্ট্রিতে কেন হয় না? নেদারল্যান্ডসে কেন হয় না? ফ্রান্সে কেন হয় না? জার্মানিতে কেন হয় না? জাপানে কেন হয় না? শুধু ইন্ডিয়াতে? ওরা ফিট করে দেয়, তা নয়তো কী।’    

মমতা এদিন, বিজেপি নেতাদেরকে 'চোরেদের সরদার',  'ডাকাতদের সরদার' বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আগে পনের লাখ টাকা করে ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। আগে ফিরিয়ে দাও তারপরে বিজেপির ঝাণ্ডা ধরবে। নির্বাচনে এক একজন কত টাকা নিয়েছ? সব টাকা ফিরিয়ে দাও।’ কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠোমোকে গুঁড়িয়ে দিচ্ছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#       

 

পার্সটুডে/এমএএইচ/এআর/২১