হামলার শিকার বনগাঁর বিজেপি বিধায়ক, 'দলীয় কোন্দল' দাবি তৃণমূলের
https://parstoday.ir/bn/news/india-i73236-হামলার_শিকার_বনগাঁর_বিজেপি_বিধায়ক_'দলীয়_কোন্দল'_দাবি_তৃণমূলের
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস আক্রান্ত হয়েছেন। আজ (শুক্রবার) সকালে গোপালনগর এলাকার বাসা থেকে নিজ গাড়িতে করে বিধানসভায় যাওয়ার উদ্দেশ্যে বেরোলে কিছুদূর না যেতেই এক হামলাকারীর কবলে পড়েন ওই বিধায়ক। এসময় তাঁর গাড়ি ভাঙচুর করার পাশপাশি তাঁকে মারধর করলে তিনি বুকে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান বলে অভিযোগ। গোপালনগর থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন।   
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ৩০, ২০১৯ ১৬:২৫ Asia/Dhaka
  • বিশ্বজিৎ দাস
    বিশ্বজিৎ দাস

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস আক্রান্ত হয়েছেন। আজ (শুক্রবার) সকালে গোপালনগর এলাকার বাসা থেকে নিজ গাড়িতে করে বিধানসভায় যাওয়ার উদ্দেশ্যে বেরোলে কিছুদূর না যেতেই এক হামলাকারীর কবলে পড়েন ওই বিধায়ক। এসময় তাঁর গাড়ি ভাঙচুর করার পাশপাশি তাঁকে মারধর করলে তিনি বুকে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান বলে অভিযোগ। গোপালনগর থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন।   

তৃণমূলের টিকিটে জয়ী হওয়া ওই বিধায়ক সাম্প্রতিক লোকসভা নির্বাচনের পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিধায়কের হাত ধরে সেসময় কয়েকজন কাউন্সিলরও বিজেপিতে যোগ দেন। যদিও তাদের অনেকেই পুনরায় তৃণমূলে ফিরে আসেন।

এদিকে, বিধায়কের ওপরে হামলার ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত শহর বনগাঁয় রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়। বিজেপি কর্মী-সমর্থকরা বনগাঁ বাটার মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, ওই হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা জড়িত রয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানায় তারা। যদিও আক্রান্ত বিধায়ক বিশ্বজিৎ বাবু সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিষয়টি প্রমাণ সাপেক্ষ বলে মন্তব্য করে তাঁর উপরে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে দাবি করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ নিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূলের সভাপতি শঙ্কর আঢ্য ওই ঘটনাকে বিজেপি দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘এর আগেও আমরা দেখেছিলাম গোপালনগরে তাঁর কুশপুতুল দাহ করাসহ বিভিন্ন পোস্টার বিজেপির পক্ষ থেকেই করা হয়েছিল। কারণ যারা পুরনো বিজেপি তারা ওনাকে মেনে নিতে পারছে না। তৃণমূল কখনও এধরণের রাজনীতিতে বিশ্বাসী নয়।’ হামলাকারী ব্যক্তি কোনোদিনই তৃণমূলে ছিল না। তার বাবাও স্বীকার করেছে যে তাঁর ছেলে একজন বিজেপি কর্মী বলেও শঙ্কর আঢ্য মন্তব্য করেন।    

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

এদিকে, এ নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘উনি এক সিভিক ভলেন্টিয়ারকে চাকরি দিয়েছিলেন। কয়েক লক্ষ টাকার বিনিময়ে ওই চাকরি সিভিক ভলেন্টিয়ার পায়। কয়েক মাস কাজ করার পরে গোপালনগর থানায় তাঁর অনৈতিক কাজ ধরা পড়ায় তিনি বরখাস্ত হন। অভিযুক্তের ধারণা, তার বরখাস্তের নেপথ্যে বিধায়কের হাত রয়েছে। সেজন্য প্রতিহিংসাবশত আজকে যখন বিধায়ক বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তাঁর নিজ এলাকাতেই সে একাই তাকে গাড়ির মধ্যে ঢিল মারে এবং শাসায়।’  

তবে, আহত ওই বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবি, বনগাঁ থানা বা গোপালনগর থানায় কোনও সিভিককে তিনি চাকরি দেয়ার সুপারিশ করেননি। তিনি আগেও প্রাণহানির আশঙ্কা করেছিলেন এবং এবার এই হামলার মধ্য দিয়ে তা প্রমাণিত হল বলেও বিধায়ক বিশ্বজিৎ দাস মন্তব্য করেন।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।