বর্ধমানে বিজেপি সভাপতিকে কালো পতাকা প্রদর্শন ও গো ব্যাক ধ্বনি
-
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক ধ্বনি' দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন বিজেপি কর্মীরা। দিলীপ ঘোষ আজ (শনিবার) বর্ধমানে দলীয় কর্মসূচিতে গেলে বিক্ষোভ ও বাধার মুখে পড়েন। অবশেষে পুলিশের সহযোগিতায় তিনি সভাস্থলে পৌঁছতে সমর্থ হন।
দিলীপ বাবু আজ দলীয় সভা থেকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের প্রতি ক্ষোভ উগরে দেন। কালো পতাকা দেখানো প্রসঙ্গে তিনি বলেন, ‘চাইলে আমিও আমার ছেলেদের পাঠাতে পারতাম। কিন্তু ওঁরা মনের দিক থেকে ভেঙে পড়েছে। সেজন্য ওদের কিছুই করব না।’
তিনি বলেন, 'হাতি রাস্তা দিয়ে চললে কুকুর চিৎকার করতে পারে। ইচ্ছে করলেই ওদের হাসপাতালের বেডে শুইয়ে দেওয়া যেত। কিন্তু সেটা চাই না।
এদিন অসমের নাগরিকপঞ্জি প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে দিলীপ ঘোষ বলেন, ‘পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে ‘হিন্দু’রা এ রাজ্যে এলে তাদের নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু ‘মুসলিম’ অনুপ্রবেশকারীদের কোনভাবেই ঠাঁই দেয়া হবে না।’

তিনি বলেন, ‘এখানেও (পশ্চিমবঙ্গে) এনআরসি চালু করা হবে। বাংলাদেশ ও অন্য দেশ থেকে আসা বিদেশিরা এখানকার সুযোগ সুবিধা ভোগ করছে। সে কারণে পঞ্জিকরণ জরুরি।’
গতকাল শুক্রবারও লেকটাউনে ‘গো ব্যাক’ স্লোগান দেয়া হয় দিলীপ ঘোষকে লক্ষ্য করে। পুলিশের উপস্থিতিতেই তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকরা এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজও সেই ঘটনার পুনরাবৃত্তিতে কার্যত অস্বস্তিতে পড়েছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।