'সীমালঙ্ঘন না করতে রাজ্যপালের উচিত বিজেপি নেতা-কর্মীদের পরামর্শ দেয়া'
https://parstoday.ir/bn/news/india-i74284-'সীমালঙ্ঘন_না_করতে_রাজ্যপালের_উচিত_বিজেপি_নেতা_কর্মীদের_পরামর্শ_দেয়া'
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর কাউকে সীমালঙ্ঘন না করার অনুরোধ জানিয়েছেন। আজ (সোমবার) শ্রীরামপুরে এক পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেয়া বক্তব্যে তিনি ওই আবেদন জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০১৯ ১৭:০৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর
    পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর কাউকে সীমালঙ্ঘন না করার অনুরোধ জানিয়েছেন। আজ (সোমবার) শ্রীরামপুরে এক পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেয়া বক্তব্যে তিনি ওই আবেদন জানান।

রাজ্যপাল বলন, ‘আমি আপনাদের প্রথম সেবক। আমি কখনও সীমালঙ্ঘন করব না, লক্ষণরেখা অতিক্রম করব না। আমি সকলের কাছে হাতজোড় করে আবেদন করব পশ্চিমবঙ্গে কেউ সীমালঙ্ঘন করবেন না। সবাই একসঙ্গে কাজ করলে বাংলা আবার সর্বোচ্চ স্তরে পৌঁছবে।’

রাজ্যপাল জগদীপ ধনখর এভাবে রাজ্যের শাসকগোষ্ঠীকে ‘সীমার মধ্যে’ থাকার কথা মনে করিয়ে দিতে চাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।   

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি

রাজ্যপালের মন্তব্যের উত্তরে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘আমি ওনাকে অনুরোধ করব, যেহেতু উনি আগে বিজেপি করতেন, সেজন্য উনি বিজপি’র যারা যারা সভাপতি আছেন, বিজেপি’র নেতা-কর্মীরা আছেন, এদেরকে একটু বোঝান। উনি যদি বলে থাকেন খুব ভালো করেছেন। কিন্তু উনি বিজেপির লোকেদের একটু বোঝান। তাহলেই হবে, তাহলেই আমরা খুশি। উনি পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে খুব একটা ভালো জানেন না। পশ্চিমবঙ্গের সংস্কৃতি চিরকালই ভালো ছিল, ভালো আছে ও ভালো থাকবে। আস্তে আস্তে তা বর্ধিত হয়েছে। এবং গত ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় পৌঁছে দিয়েছেন ওনার বোধ হয় তা জানা নেই। আসলে সমস্যাটা হচ্ছে উনি সবে এখানে এসেছেন অথচ পশ্চিমবঙ্গ সম্পর্কে খুব একটা ভালো জানেন না। কিন্তু মন্তব্য করছেন।’

গত শুক্রবারও রাজ্যপাল জগদীপ ধনখর এক অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, ‘প্রথম সেবক হিসেবে রাজ্যের প্রতি আমার দায়িত্ব রয়েছে, দেশের সংবিধানের প্রতি আমি শপথ নিয়েছি। আর তা পালনের ক্ষেত্রে কেউ বাধা দেবেন না। আমি হাতজোড় করে অনুরোধ করব যাতে রাজ্যের মানুষের সেবা করার সময় যেন কেউ আমায় বাধা না দেন। সংবিধানের রক্ষা করা ও পশ্চিমবঙ্গবাসীর সেবা করা এই দুটি কাজই আমি সক্রিয়ভাবে করব।’

রাজ্যপালের সঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের মধ্যে সুসম্পর্ক নেই। এরআগে সরকার ও প্রশাসনকে এড়িয়ে পদক্ষেপ গ্রহণ করার অভিযোগে রাজ্য সরকারের নেতা-মন্ত্রীরা তাঁর সমালোচনা করেছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।