ভারতে এখন কট্টর হিন্দুত্বের দাপট চলছে: অমর্ত্য সেন
https://parstoday.ir/bn/news/india-i74312-ভারতে_এখন_কট্টর_হিন্দুত্বের_দাপট_চলছে_অমর্ত্য_সেন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসার মোদির নেই। মার্কিন একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এভাবে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৮, ২০১৯ ১৪:০৫ Asia/Dhaka
  • অমর্ত্য সেন ও নরেন্দ্র মোদি
    অমর্ত্য সেন ও নরেন্দ্র মোদি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসার মোদির নেই। মার্কিন একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এভাবে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে ওই মন্তব্য করেছেন।

অমর্ত্য সেন আক্ষেপ করে বলেন, ভারতে এখন কট্টর হিন্দুত্বের দাপট চলছে। তিনি বলেন, ‘আমরা জন স্টুয়ার্ট মিলের কাছ থেকে বড় যে বিষয়টি জেনেছি তা হল, গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে চলা সরকার। ভোট যেভাবেই গোনো, আলোচনাকে ভয়ের বস্তু করে তুললে তুমি গণতন্ত্র পাবে না।’

অমর্ত্য সেন বলেন, ‘মানুষ ভয়ের মধ্যে আছেন। এটা আগে কখনও দেখিনি। আমার সঙ্গে ফোনেও সরকারের সমালোচনার প্রসঙ্গ উঠলে অনেকে বলছেন, ‘থাক, দেখা হলে বলব’খন। আমি নিশ্চিত ওরা আমাদের কথা শুনছে।’

তিনি বলেন, ‘এটা গণতন্ত্রের পথ নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ কী চান, সেটা বোঝারও পথ এটা নয়।’

তিনি বলেন, ‘মোদি একজন স্বপ্রতিভ ও সফল রাজনীতিবিদ। কিন্তু আশৈশব তিনি আরএসএস-এর প্রোপাগান্ডায় বিশ্বাসী।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে বড়সাফল্য সম্পর্কে বলতে গিয়ে অমর্ত্য সেন বলেন, ‘(গুজরাটে) গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করা মোদির সবচেয়ে বড় সাফল্য। এরফলে ২০০২ সালের যে ঘটনায় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, তার পিছনে মোদির একটা ভূমিকা ছিল- ভারতে অনেকে তা বিশ্বাসই করেন না।

আরএসএস-এর সাম্প্রতিক সাফল্যে উদ্বেগ প্রকাশ করে, 'এরআগেও ভারতে হিন্দুত্ববাদীদের তৎপরতা দেখা গেছে। কিন্তু তা ছিল বিচ্ছিন্ন। গত নির্বাচনের পর থেকে পরিস্থিতি বদলে গেছে’ বলেও অমর্ত্য সেন মন্তব্য করেন।

এ প্রসঙ্গে কোলকাতার ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. সাইফুল্লাহ আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, ‘আমার মনে হয় যে এরথেকে বড় বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এই মুহূর্তে খুব কম জনই করেছেন। এর থেকে প্রশংসনীয় বক্তব্য আমার চোখে পড়েনি তেমনভাবে। আমরা একটু স্বস্তি অনুভব করছি এই কথার প্রেক্ষিতে যে, এখনও আমাদের বিবেক নির্জীব হয়ে যায়নি, নিঃশেষ হয়ে যায়নি। আমরা এখনও কেউ কেউ কথা বলার মতো জায়গায় রয়েছি। এবং ওদের রক্তচক্ষুকে উপেক্ষা করার সাহস দেখাচ্ছি। অমর্ত্য সেন মহাশয় যে কথাটা বলেছেন যেটা একেবারেই নতুন কিছু নয়। উনি অনেকদিন  ধরেই এধরণের বলছেন এবং তাঁর প্রেক্ষিতে তাঁকে বহু বিরূপ মন্তব্য বা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে আমরা জানি। কিন্তু তাঁর পরেও তিনি সবকিছুকে উপেক্ষা করে তিনি তাঁর সিদ্ধান্তে বা তাঁর বক্তব্যে, অভিমতে অটল রয়েছেন, দৃঢ় রয়েছেন এটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ একটা পদক্ষেপ বলে মনে করছি।’

ড. সাইফুল্লাহ আরও বলেন, ‘আমি বিশ্বাস করি এই ধরণের মানসিকতা, এই মননেরই একদিন জয় হবে। যে অসুস্থতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা সাময়িক। যেদিন এই মেঘ কেটে যাবে সেদিন যারা আজকে খানিকটা মুখ লুকিয়ে থাকার চেষ্টা করছেন তাঁরা আবার সামনে আসবেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমরা পাবো এই প্রত্যাশা করাটা বোধহয় একজন ভারতবাসী হিসেবে আমি আমার পবিত্র কর্তব্য বলে মনে করছি।’

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।