'বিজনেস ব্রোকার' ম্যাডি শর্মার সঙ্গে বিজেপি’র যোগসূত্র কেন: প্রশ্ন কংগ্রেসের
https://parstoday.ir/bn/news/india-i74892-'বিজনেস_ব্রোকার'_ম্যাডি_শর্মার_সঙ্গে_বিজেপি’র_যোগসূত্র_কেন_প্রশ্ন_কংগ্রেসের
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিজনেস ব্রোকার নামে পরিচিত ম্যাডি শর্মা’র ভূমিকা ও তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের শাসকদল বিজেপি’র যোগসূত্র নিয়ে প্রধান বিরোধীদল কংগ্রেস প্রশ্ন তুলেছে। কংগ্রেসের সিনিয়র নেতা রণদীপ সূর্যেওয়ালা গতকাল (বুধবার) সংবাদ সম্মেলন ওই ইস্যুতে কেন্দ্রীয় মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ৩১, ২০১৯ ১১:৫১ Asia/Dhaka
  • ম্যাডি শর্মা
    ম্যাডি শর্মা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিজনেস ব্রোকার নামে পরিচিত ম্যাডি শর্মা’র ভূমিকা ও তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের শাসকদল বিজেপি’র যোগসূত্র নিয়ে প্রধান বিরোধীদল কংগ্রেস প্রশ্ন তুলেছে। কংগ্রেসের সিনিয়র নেতা রণদীপ সূর্যেওয়ালা গতকাল (বুধবার) সংবাদ সম্মেলন ওই ইস্যুতে কেন্দ্রীয় মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন।

ইইউ প্রতিনিধিদের সফরের নেপথ্যে ছিলেন, ব্রাসেলসের ওয়েস্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ভারতীয় বংশোদ্ভূত ব্রাসেলস নিবাসী ম্যাডি শর্মা। গত ৭ অক্টোবর তিনি ইইউ এমপিদের ভারতে আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন।

নরেন্দ্র মোদির সঙ্গে ম্যাডি শর্মা (ডানে)

কংগ্রেস নেতা রণদীপ সূর্যেওয়ালা বলেন, কাশ্মীর সফরের সময় আমাদের দেশের সংসদ এমপি ও বিরোধী নেতাদের আটক করে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে অজানা এক আন্তর্জাতিক বিজনেস ব্রোকারের আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের ব্যক্তিগত সফরের জন্য মোদি সরকার লাল গালিচা পেতে দিচ্ছে!

তিনি বলেন, ‘ম্যাডি শর্মার সংস্থার সঙ্গে বিজেপির যোগসূত্র কোথায়? ব্যক্তিগত সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে কীভাবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করিয়ে দিচ্ছেন তিনি? এই সফরের জন্য টাকা কোথা থেকে এসেছে? পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেন এই বিষয়ে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রাখা হল?’

রণদীপ সূর্যেওয়ালা বলেন, ‘ভারতের ইতিহাসে সবথেকে বড় কূটনৈতিক ব্যর্থতা। মোদী সরকার তৃতীয় পক্ষকে (কাশ্মীরের পরিস্থিতি) খতিয়ে দেখার অনুমতি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছেন। কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা তৃতীয় পক্ষের মধ্যস্থতা চাই না। কিন্তু নরেন্দ্র মোদি তা উল্টে দিচ্ছেন।’

অন্যদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘ভারতের কৃষক-বেকার যুবকদের এমন সুযোগ নেই যে তাঁরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারেন। তাঁদের সমস্যার কথা বলতে পারেন। কিন্তু, ম্যাডি শর্মার মতো ‘ইন্টারন্যাশনাল বিজনেস ব্রোকার’ গর্বের সঙ্গে লিখতে পারেন, ভারতে আসুন। আপনার খরচ আমরা দেবো। প্রধানমন্ত্রী দফতরে আমার যোগাযোগ আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেবো!’

এদিকে, ম্যাডির সংস্থার দাবি, দিল্লির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর নন-অ্যালায়েড স্টাডিজ ওই সফরের খরচ বহন করছে। কংগ্রেসের অভিযোগ, ম্যাডি প্রমাণ করে দিয়েছেন মোদি সরকারে কূটনীতিও বেসরকারি হাতে চলে গিয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।