বনগাঁয় বিজেপির ডাকা বনধ ব্যর্থ, পথে নামল তৃণমূল
https://parstoday.ir/bn/news/india-i75071-বনগাঁয়_বিজেপির_ডাকা_বনধ_ব্যর্থ_পথে_নামল_তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় বিজেপি’র ডাকা বনধ ব্যর্থ হয়েছে। আজ (বৃহস্পতিবার) বনগাঁ শহর ও শহরতলিতে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগে এদিন সকাল ৬ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনধ ডেকেছিল বিজেপি। যদিও এদিন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি টহলদারি থাকলেও বনধ সমর্থকদের পথে নামতে দেখা যায়নি।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০৭, ২০১৯ ১৬:৪৬ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় বিজেপি’র ডাকা বনধ ব্যর্থ হয়েছে। আজ (বৃহস্পতিবার) বনগাঁ শহর ও শহরতলিতে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগে এদিন সকাল ৬ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনধ ডেকেছিল বিজেপি। যদিও এদিন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি টহলদারি থাকলেও বনধ সমর্থকদের পথে নামতে দেখা যায়নি।  

অন্যদিকে, বনগাঁ শহর তৃণমূলের সভাপতি ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর নেতৃত্বে বিশাল মিছিল শহর পরিক্রমা করে। পৌরপ্রধান এসময় সংশ্লিষ্ট সকলকে জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানান। মিছিলে বনগাঁর সাবেক বিধায়ক ও তৃণমূল নেতা গোপাল শেঠ, তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সম্পাদক ইব্রাহিম মণ্ডল ও অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সকাল সাড়ে ৬ টা থেকে বনগাঁ শহরের মধ্যে অবস্থিত বনগাঁ হাই স্কুলের প্রাথমিক বিভাগ, বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ খোলা ছিল। বেলা বাড়তেই পরবর্তীতে অন্যান্য স্কুলও খুলে যায়। বনগাঁ বিডিও অফিস, বনগাঁ মহকুমা শাসকের দফতর-সহ বিভিন্ন অফিসের কাজকর্মও স্বাভাবিক ছিল। বনগাঁ ইছামতী বাস টার্মিনাস থেকে বনগাঁ-বাগদা রোড, বনগাঁ-দত্তপুলিয়া, বনগাঁ-চাকদা ও অন্যান্য রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করেছে।

বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য বলেন, বনগাঁয় দৈনন্দিন যেভাবে দোকানপাট, হাট-বাজার, অফিস-আদালত খোলা থাকে সেই ভাবেই সবকিছু খোলা রয়েছে। বিভিন্ন রোডে স্বাভাবিক  নিয়মে যানবাহন চলাচল করেছে। বনগাঁর মানুষ বিজেপির ডাকা হঠকারী বনধকে প্রত্যাখ্যান করে তাদেরকে উচিত জবাব দিয়েছে। তৃণমূল নেতা ও বনগাঁর সাবেক বিধায়ক গোপাল শেঠ তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন। এদিকে, বিজেপি নেতা দেবদাস মণ্ডল এক সংবাদ সম্মেলনে তাঁদের বনধ সফল হয়েছে বলে দাবি করেছেন।#     

পার্সটুডে/এমএএইচ/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।