পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্বীকার
https://parstoday.ir/bn/news/india-i75479-পশ্চিমবঙ্গে_বিজেপি_প্রার্থীকে_মারধরের_অভিযোগ_তৃণমূলের_অস্বীকার
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি’র রাজ্য নেতা ও উপনির্বাচনে দলীয় প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তৃণমূলের লোকজন জড়িত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে 'সাজানো নাটক' বলে অভিহিত করেছে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৫, ২০১৯ ১৬:১৬ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি’র রাজ্য নেতা ও উপনির্বাচনে দলীয় প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তৃণমূলের লোকজন জড়িত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে 'সাজানো নাটক' বলে অভিহিত করেছে। 

করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী জয়প্রকাশ বাবু আজ (সোমবার) নির্বাচনি কার্যক্রম দেখতে বেরিয়েছিলেন। এসময় তাকে রাস্তায় ফেলে কিল-চড়ের পাশাপাশি লাথি মেরে ঝোঁপের ভেতর ফেলে দেওয়া হয়। আজ সকালে উপ-নির্বাচন চলাকালীন করিমপুরের পিপুলখোলায় ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই জয়প্রকাশকে বেধড়ক মারধর করা হয় বলে  বিজেপির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও ওই মারধরের সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে জানানো হয়েছে।  

বিজেপি প্রার্থীকে নিগ্রহের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের নদিয়া জেলা পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, এটা হয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, না হলে পরাজয় নিশ্চিত জেনে সহানুভূতি আদায়ের চেষ্টা।

বিজেপির অভিযোগ, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ পিপুলখোলার গিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে যান জয়প্রকাশ। এসময় তাঁর উপরে একদল লোক ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি লাথি-কিল-চড় মারে। লাথির আঘাতে টাল সামলাতে না পেরে রাস্তার পাশের একটি ঝোঁপের ভেতর পড়ে যান জয়প্রকাশ।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫