মহারাষ্ট্র থেকে দেশের পরিবর্তনের সূচনা হয়েছে: সঞ্জয় রাউত
https://parstoday.ir/bn/news/india-i75511-মহারাষ্ট্র_থেকে_দেশের_পরিবর্তনের_সূচনা_হয়েছে_সঞ্জয়_রাউত
ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনা'র মুখপাত্র সঞ্জয় রাউত এমপি বলেছেন, মহারাষ্ট্র থেকে দেশের পরিবর্তনের সূচনা হয়েছে। উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়া মানে দেশের পরিবর্তনেরও শুরু। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৭, ২০১৯ ১২:১৪ Asia/Dhaka
  • সঞ্জয় রাউত এমপি
    সঞ্জয় রাউত এমপি

ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনা'র মুখপাত্র সঞ্জয় রাউত এমপি বলেছেন, মহারাষ্ট্র থেকে দেশের পরিবর্তনের সূচনা হয়েছে। উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়া মানে দেশের পরিবর্তনেরও শুরু। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

সঞ্জয় রাউত বলেন, বিজেপি চেয়েছিল শিবসেনাকে থামাতে। কিন্তু বিরোধীরা একজোট হয়ে তা ব্যর্থ করে দিয়েছে। তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, মহারাষ্ট্র দেশকে এক নয়া সকাল উপহার দিয়েছে। এবার দেশের বাকি রাজ্যগুলোতে কী হয় দেখুন!  

মহারাষ্ট্রে পরিবর্তিত পরিস্থিতিতে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় শিবাজী পার্কে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবসেনার উদ্ধব ঠাকরে। আজ মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশনে প্রোটেম স্পিকারের কাছে নবনির্বাচিত বিধায়করা শপথ নিয়েছেন।

রাজ্যটিতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কোনও দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়। সেখানে এতদিন বিজেপি-শিবসেনা জোট সরকার ক্ষমতাসীন ছিল। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরে মুখ্যমন্ত্রী পদ ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে দুদলের মধ্যে দ্বন্দ্বের জেরে ওই জোট ভেঙে যায়।

এরপরেই রাজ্যটিতে বিজেপিকে বাদ দিয়ে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার গড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত (শনিবার) সাত সকালে তড়িঘড়ি করে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রী ও এনসিপির একাংশের নেতা অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ওই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়।

মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনার উদ্ধব ঠাকরে

বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে গতকাল (মঙ্গলবার) আদালত সেই মামলার রায়ে জানায় আগামীকালই মহারাষ্ট্র সরকারকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। আদালতের ওই নির্দেশের পরে ব্যাপক চাপে পড়ে যায় বিজেপি শিবির। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার মতো প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থন না থাকায় অবশেষে তড়িঘড়ি করে মঙ্গলবার বিকেলেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন দেবেন্দ্র ফড়নবিস। ওই ঘটনায় কেন্দ্রীয় সরকারের শাসক দল বিজেপি মুখ পুড়িয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অন্যদিকে, মহারাষ্ট্রের বিরোধী শিবির পরিবর্তিত পরিস্থিতিতে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে নয়া সরকার গঠনের তৎপরতা শুরু করেছে। আগামীকালই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার শপথ নিয়ে রাজ্যটিতে ক্ষমতায় আসতে চলেছে। শিবসেনা জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক  গেহলট এবং উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও আমন্ত্রণ জানানো হবে বলে শোনা যাচ্ছে।# 

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।